আহত কর্নেল পুষ্পিন্দর সিং বাথ
শেষ আপডেট: 23 March 2025 00:12
দ্য ওয়াল ব্যুরো: কর্নেল পুষ্পিন্দর সিং বাথ (Colonel Pushpinder Singh Bath) ও তাঁর ছেলেকে আক্রমণের ঘটনায় বরখাস্ত করা হল পাতিয়ালার চার পুলিশ অফিসারকে। জানা গিয়েছে পাঞ্জাব পুলিশ বিশেষ তদন্তকারী দল (Special Investigation Team) গঠন করে অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।
পাতিয়ালার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ নানক সিং জানিয়েছেন, ইন্সপেক্টর রনি সিং, ইন্সপেক্টর হরজিন্দর ধিলোঁ, ইন্সপেক্টর হ্যারি বোপারাই এবং ইন্সপেক্টর শামিন্দরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বদলির পাশাপাশি তাঁদের পাঞ্জাবের বাইরে বদলি করা হয়েছে।
বিশেষ তদন্তকারী দলে থাকবেন পাঞ্জাব পুলিশের উচ্চপদস্থ চার কর্তা। তথ্য প্রমাণ জোগাড় করে দোষীদের কড়া শাস্তির আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা। ইতিমধ্যে সেনা আধিকারিকের বয়ান অনুযায়ী অভিযুক্ত অফিসারদের চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি মারধরের ঘটনায় আর কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করছে সিট।
আহত সেনা আধিকারিকের পরিবারকে বিশেষ নিরাপত্তা দিয়েছে পাঞ্জাব পুলিশ। তাঁদের পরিবারের নিরাপত্তায় দু'জন সশস্ত্র পুলিশকে মোতায়েন করা হয়েছে।
পাঞ্জাবের অর্থমন্ত্রী হরপাল সিং চিমা (Harpal Singh Cheema) কর্নেল পুষ্পিন্দর সিং বাথের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন এবং দ্রুত অপরাধীদের খুঁজে বের করে কড়া শাস্তির আশ্বাস দিয়েছেন। তিনি জানান, "আমরা একটি সিট গঠন করেছি। যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেনা আধিকারিকের বয়ান অনুযায়ী যাদের নাম উঠে এসেছে তাদের খুঁজে বের করে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকিরাও ছাড় পাবে না।"
গত ১৩ মার্চ ভোরে পাতিয়ালায় গণ্ডগোলের শুরু। অভিযোগ, পাতিয়ালার একটি ধাবায় নিজের গাড়ি দাঁড় করিয়ে ছেলেকে নিয়ে খাবার খাচ্ছিলেন সেনা আধিকারিক। আচমকাই সেখান সাদা পোশাকে হাজির হন কয়েকজন পাঞ্জাব পুলিশ। নিজেদের গাড়ি রাখবে বলে কর্নেলের গাড়ি সরিয়ে নেওয়ার জন্য হুমকি দিতে থাকে তারা। কথামতো কাজ না করায় শুরু হয় মারধর।
সেনা আধিকারিকের ছেলের অভিযোগ, লাঠি, রড এবং বেসবল ব্যাট দিয়ে তাঁদের কমপক্ষে ৪৫ মিনিট মারধর করা হয়েছে। এরপর বাবার হাত ভেঙে যায় এবং গুরুতর আহত হন। আমার মাথায় ও হাতে চোট গুরুতর। ঘটনার ভিডিও এলাকার একটি সিসিটিভিতে ধরা পড়তেই মুহূর্তে ভাইরাল হয়েছে। সেখানেই সেনা আধিকারিক ও তাঁর ছেলেকে রাস্তায় ফেলে মারতে দেখা যাচ্ছে চার পুলিশ অফিসারকে।
কর্নেল পুষ্পিন্দর সিং বাথের স্ত্রী জসবিন্দর কৌর বাথ বলেন, সরকারের উপর তাঁর আস্থা রয়েছে। কিন্তু সুবিচার না পাওয়া পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যাবেন।