
ফাইল চিত্র
শেষ আপডেট: 20 April 2025 22:34
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর নিজের বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল কর্নাটকের প্রাক্তন পুলিশপ্রধান ওম প্রকাশের দেহ। রবিবার দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওম প্রকাশের পেটে ও বুকে একাধিক ছুরির আঘাতের চিহ্ন ছিল। তাঁর দেহ পাওয়া যায় ঘরের মেঝেতে, যেখানটায় রক্তে ভেসে গিয়েছিল গোটা জায়গা। বেঙ্গালুরু পুলিশ সূত্রে দাবি, সম্ভবত ধারালো অস্ত্র ব্যবহার করেই তাঁকে খুন করা হয়েছে।
ঘটনার সময় ওম প্রকাশের স্ত্রী পল্লবী, মেয়ে এবং পরিবারের আরও এক সদস্য বাড়িতেই ছিলেন। তাঁদের সবাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের কন্ট্রোল রুমে এক ব্যক্তির ফোনের মাধ্যমেই প্রথমবার এই মৃত্যুর খবর জানানো হয়। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ওম প্রকাশের ছেলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে।
বেঙ্গালুরুর অ্যাডিশনাল পুলিশ কমিশনার বিকাশ কুমার সাংবাদিকদের বলেন, “রবিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ প্রাক্তন ডিজিপি ও আইজিপি ওম প্রকাশের মৃত্যুর খবর পাই আমরা। প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, মৃত্যু পারিবারিক বিবাদের কারণে হতে পারে। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।”
পুলিশ জানিয়েছে, ওম প্রকাশ নিজের তিনতলা বাড়ির নিচতলায় থাকতেন। তাঁর স্ত্রী পল্লবীর সঙ্গে প্রায়ই ঝগড়া হত বলে দাবি করেছে পুলিশ সূত্র। প্রাক্তন এই শীর্ষ পুলিশকর্তা ১৯৮১ ব্যাচের আইপিএস অফিসার ছিলেন। ২০১৫ সালের মার্চ মাসে কর্নাটকের ডিজিপি হিসেবে নিযুক্ত হন তিনি। এর আগে তিনি রাজ্যের ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস এবং হোম গার্ডস বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব সামলেছিলেন। ওম প্রকাশের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।