আলিনগরে তাঁর এগিয়ে থাকা ইতিমধ্যেই গেরুয়া শিবিরে উচ্ছ্বাস বাড়িয়েছে।

বিজেপির নতুন প্রার্থী মৈথিলী ঠাকুর
শেষ আপডেট: 14 November 2025 11:56
দ্য ওয়াল ব্যুরো: লোকগানের জনপ্রিয় মুখ এবং বিজেপির নতুন প্রার্থী মৈথিলী ঠাকুর (Maithili Thakur) প্রথমবার ভোটের ময়দানে নেমেই চমক দেখিয়েছেন (Maithili Thakur first Bihar Election)। আলিনগর বিধানসভায় (Alinagar constituency) BJP Candidate) তিনি এগিয়ে আছেন, শুক্রবার সকাল থেকেই সেই ইঙ্গিত দিয়েছে প্রথম দফার গণনা।
মাত্র এক মাস আগে বিজেপিতে যোগ দেওয়া (BJP new candidate) ২৫ বছরের এই গায়িকা প্রথম থেকেই বলেছিলেন, রাজনীতিতে তাঁর লক্ষ্য একটাই - বিহারের মানুষের সেবা করা। ভোটের আগে এবং পরে সেই কথারই বারবার পুনরাবৃত্তি করেছেন মৈথিলী।
এক্সিট পোল এনডিএ (NDA)-র বড় জয়ের ইঙ্গিত দেওয়ার পর সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মৈথিলী জানান, জয়-পরাজয়ের ভাবনা তাঁর মাথায় নেই। মানুষের সঙ্গে গত ৩০ দিনের অভিজ্ঞতাই তাঁর সবচেয়ে বড় পাওয়া।
“আমি এক সেকেন্ডও ভাবি না জিতব কি হারব,” বলেন তিনি। “এই এক মাসের পথচলা আমাকে এত সমৃদ্ধ করেছে যে মনে হচ্ছে এখানেই থেকে মানুষের সেবা করব। মানসিকভাবে আমি পুরোপুরি প্রস্তুত,” আত্মবিশ্বাসী এই লোকসঙ্গীত গায়িকা।
প্রথমবার ভোটে লড়া নিয়েই তাঁর উত্তেজনা এবং আত্মবিশ্বাস প্রকাশ করে মৈথিলীর মন্তব্য, “আমার জীবনের সেরা সিদ্ধান্ত এটি। বই-খাতা কিছুই আমাকে এত কিছু শেখাতে পারত না, যতটা এই ৩০ দিনে মানুষজনের মাঝে থেকে শিখেছি। এই এক মাস আমার জীবনটাই বদলে দিয়েছে।”
এর আগেও একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তিনি দেশের বাইরে যেতে চাননি। কারণ, তাঁর লক্ষ্য নিজের এলাকার সংস্কৃতি, লোকসঙ্গীত এবং পরিচয়কে আরও এগিয়ে নিয়ে যাওয়া।
“আমি সবসময় চাই আমার সঙ্গীতের মাধ্যমে বিহারকে তুলে ধরতে। যদি রাজনীতি আমাকে এই সুযোগ দেয়, তার চেয়ে বড় কিছু আর হতে পারে না,” বলেছিলেন তিনি।
মৈথিলী স্বীকার করেছেন, কয়েক বছর আগেও তাঁর রাজনীতিতে আসার কোনও পরিকল্পনা ছিল না। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য এবং ব্যক্তিত্ব তাঁকে অনুপ্রাণিত করেছে।
“মোদীজি যুবসমাজের অনুপ্রেরণা। তাঁর নেতৃত্বে কাজ করতে পারাটা আমার সৌভাগ্য,” বলেন মৈথিলী।
আলিনগরে তাঁর এগিয়ে থাকা ইতিমধ্যেই গেরুয়া শিবিরে উচ্ছ্বাস বাড়িয়েছে। ভোটযুদ্ধের প্রথম দিনেই তরুণ শিল্পীর এই উত্থান বিহারের রাজনৈতিক ময়দানে নতুন আলোচনার জন্ম দিয়েছে।