৫৫ বছরে পা দিলেন রাহুল গান্ধী—ভারতের রাজনীতিতে এক পরিচিত মুখ, যার নামের সঙ্গে জড়িয়ে আছে উত্তরাধিকার, আদর্শ, বিতর্ক এবং নতুন প্রজন্মের রাজনীতির খোঁজ।

রাহুল গান্ধী
শেষ আপডেট: 19 June 2025 12:17
দ্য ওয়াল ব্যুরো: ৫৫ বছরে পা দিলেন রাহুল গান্ধী—ভারতের রাজনীতিতে এক পরিচিত মুখ, যার নামের সঙ্গে জড়িয়ে আছে উত্তরাধিকার, আদর্শ, বিতর্ক এবং নতুন প্রজন্মের রাজনীতির খোঁজ। কেবল একজন রাজনৈতিক নেতা হিসেবে নয়, ব্যক্তি রাহুলও বারবার উঠে এসেছেন সংবাদের শিরোনামে— তাঁর যাত্রা, জনসংযোগ বা ফিটনেসের জন্য। জন্মদিনের এই বিশেষ দিনে একদিকে যখন দল আয়োজন করছে কর্মমেলার মতো অনুষ্ঠানের, অন্যদিকে রাহুলের ব্যক্তিগত জীবন ও শরীরচর্চা নিয়েও আলোচনায় ব্যস্ত অনুরাগীরা।
.jpeg)
শরীরচর্চা ও খাদ্যাভ্যাস নিয়ে কী বলেন রাহুল? ২০২৩ সালে ভারত জোড়ো যাত্রার সময় রাজস্থানে একটি জনপ্রিয় ফুড ও ট্র্যাভেল চ্যানেলের সাক্ষাৎকারে নিজের ডায়েট ও ফিটনেস রুটিন সম্পর্কে খোলাখুলি বলেন রাহুল। কংগ্রেসের অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্টে সেই ভিডিও শেয়ারও করা হয়েছিল।
.jpeg)
রাহুল জানান, তিনি ছোটবেলা থেকেই শরীরচর্চাকে বিশেষ প্রাধান্য দেন। তাঁর কাছে ফিট থাকা শুধুই শখ নয়, রীতিমতো অভ্যাস। তিনি মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট, জানেন ডাইভিংও। এমনকি ভারত জোড়ো যাত্রার সময়ও তিনি নিয়ম করে মার্শাল আর্ট প্র্যাকটিস করতেন।
.jpeg)
খাদ্যাভ্যাস প্রসঙ্গে রাহুল বলেন, তিনি সাধারণত কার্বোহাইড্রেট এড়িয়ে চলেন। যদি খেতেই হয়, তাহলে ভাতের থেকে রুটি পছন্দ করেন। তিনি আমিষ খেতে ভাবাসেন। তাঁর প্রিয় খাবারের তালিকায় আছে চিকেন টিক্কা, শিখ কাবাব এবং প্লেইন অমলেট। সকালে এক কাপ কফি খেতে পছন্দ করেন তিনি।
.jpeg)
জন্মদিনে নতুন বার্তা, বেকারদের পাশে রাহুল গান্ধী জন্মদিন মানেই কেক, ফুল আর শুভেচ্ছা—কিন্তু রাহুল গান্ধীর ৫৫তম জন্মদিনে ছবিটা একটু আলাদা। বৃহস্পতিবার দিল্লির টলকটোর স্টেডিয়ামে তাঁর জন্য কংগ্রেস এবং ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস আয়োজন করেছে এক বিশাল চাকরির মেলা। কাজের সুযোগ তৈরি করাই রাহুলের রাজনৈতিক ভাবনার বড় অংশ, তাই জন্মদিনেও সেই দিকটাতেই জোর দিল দল।
.jpeg)
রাজনৈতিক মহল থেকে শুভেচ্ছাবার্তা রাহুল গান্ধীর জন্মদিনে সামাজিক মাধ্যমে শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে টাইমলাইন। প্রতিপক্ষ দলের নেতা হিসেবেও শ্রদ্ধা জানাতে ভোলেননি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। এক্স-এ তিনি লেখেন, "লোকসভার বিরোধী দলনেতা শ্রীরাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা। তিনি যেন সুস্থ থাকেন এবং দীর্ঘ জীবন লাভ করেন।" শুভেচ্ছা জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন এবং কংগ্রেসের বর্ষীয়ান নেতা অশোক গহলট-সহ আরও অনেকে।