
শেষ আপডেট: 30 January 2025 17:18
দ্য ওয়াল ব্যুরো: বেশি দিন হয়নি, মহাকুম্ভে ভয়াবহ আগুনে পুড়ে গিয়েছিল প্রায় তিরিশটি তাঁবু। তারপর মঙ্গলবার মঝরাতে পদপিষ্টের ঘটনায় এখনও অবধি ৩০ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহতের সংখ্যা বহু। গোটা দেশ জুড়ে যখন শোকের আবহ, তারই মধ্যে ফের আগুন লাগল মহাকুম্ভে।
জানা যাচ্ছে, সেক্টর ২২-এ আগুন লেগে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় ১৫টি শিবির। সংবাদ সংস্থা সূত্রে খবর দ্রুত ঘটনাস্থলে দমকল পৌঁছে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি।
মৌনী অমাবস্যায় মঙ্গলবার মধ্যরাতে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে লক্ষ লক্ষ ভক্তের জনস্রোত বইতে থাকে পুণ্যস্নানের উদ্দেশে। এক সময়ে ভেঙে পড়ে ব্যারিকেড। হুড়োহুড়ির জেরে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। পদপিষ্টের ঘটনা ঘটে।
উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানানো হয় ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে আর কমপক্ষে ৬০ জন গুরুতর আহত। যদিও রয়টার্স সূত্রে খবর, ৪০ জন মানুষ প্রাণ হারিয়েছেন।
গত ১৯ জানুয়ারি হঠাৎ আগুন লাগে শাস্ত্রী ব্রিজের কাছে সেক্টর ১৯ চত্বরে বেশ কয়েকটি তাঁবুতে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় মেলার মাঠেই থাকা দমকলের ২০টি ইঞ্জিন। দমকল কর্মীদের সাহায্য করেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। এমনকী দুর্ঘটনার কিছু পরেই ঘটনাস্থলে হাজির হন খোদ যোগী আদিত্যনাথ।
এরপরই ভয়ঙ্কর পদপিষ্টের ঘটনা ঘটে। গোটা মেলা জুড়ে যখন মৃত্যুর গন্ধ ভেসে বেড়াচ্ছে, সেই আবহেই আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।