
শেষ আপডেট: 6 February 2024 15:00
দ্য ওয়াল ব্যুরো: ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল মধ্যপ্রদেশের হরদা জেলার বৈরাগড়। বাজি কারখানায় বিস্ফোরণে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, ৬০ জনের বেশি গুরুতর আহত। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। কারণ, হাসপাতালে যাঁরা ভর্তি তাঁদের অনেকের অবস্থা সঙ্কটজনক।
রাজ্যের বৈরাগড়ের ওই বাজি কারখানায় হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। তা থেকেই পরপর বিস্ফোরণ। জানা গেছে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গে গাঢ় ধোঁয়া দেখা যায় গোটা এলাকায়। স্থানীয়রা জানিয়েছে, কারখানার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্তত ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেককে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র।
পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে ইতিমধ্যই উদ্ধারকাজ শুরু করেছে। তাঁরা আশঙ্কা করছে, এখনও কিছু শ্রমিক কারখানার ভিতরেই আটকে থাকতে পারেন। এও জানিয়েছে, যাদের উদ্ধার করা হয়েছে তাদের শরীর অধিকাংশ ঝলসে গেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কারখানার ভিতরে ঘটনার সময়ে ১৫০ জন কর্মী ছিলেন। এখনও পর্যন্ত ২৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।