সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রতি পূর্ণ সমর্থনের দেন আশ্বাস।

কাশ প্যাটেল
শেষ আপডেট: 29 April 2025 00:01
দ্য ওয়াল ব্যুরো: পহেলগামে জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন এফবিআই (Federal Bureau of Investigation) ডিরেক্টর কাশ প্যাটেল (Kash Patel)। ভারতের পাশে থাকার দিলেন বার্তা। জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পর রবিবার মার্কিন তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-এর ডিরেক্টর কাশ মুখ খোলেন। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রতি পূর্ণ সমর্থনের দেন আশ্বাস।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে কাশ লেখেন, 'কাশ্মীরে সাম্প্রতিক জঙ্গি হামলায় সকল ক্ষতিগ্রস্থদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এফবিআই। আমরা ভারত সরকারের পাশে আছি এবং পূর্ণ সমর্থন করব জঙ্গি দমনে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, বিশ্ব সন্ত্রাসবাদের দানবীয় হুমকির সামনে কতটা বিপন্ন। প্রার্থনা রইল আক্রান্ত সকলের জন্য। পাশাপাশি, এই সংকটের সময় যাঁরা দায়িত্ব নিয়ে কাজ করছেন, তাঁদের প্রতিও রইল কৃতজ্ঞতা।'
২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলায় এক স্থানীয় বাসিন্দা-সহ মৃত্যু হয় ২৬ জনের। পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তইবা (LeT)-র ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF) হামলার দায় স্বীকার করে।
ভারতের প্রতি সমবেদনা জানিয়ে সেদিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন। পাশে থাকার আশ্বাস দেন।
তবে, পরে আবার বয়ান বদল করেন। একটা সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার ইচ্ছা প্রকাশ করেছিলেন ট্রাম্প। তবে এবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোম যাওয়ার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, এই পরিস্থিতিতে আর কোনও মধ্যস্থতার ভূমিকা নিতে চান না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, 'ওই সীমান্তে বহু বছর ধরেই উত্তেজনা চলছে, তারা কোনও না কোনওভাবে নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে নেবে। আমি দুই দেশের নেতাকেই ভাল করে চিনি।'
এদিকে, মার্কিন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসি গ্যাবার্ডও এক্সে পোস্ট করে ভারতের পাশে থাকার বার্তা দেন। লেখেন, 'আমরা তোমাদের পাশে আছি এবং এই জঘন্য হামলার জন্য যাঁরা দায়ী, তাঁদের বিচারের আওতায় আনতে ভারতের প্রচেষ্টাকে সমর্থন করি।'