
ছেলের মৃতদেহ বাইকে করে নিয়ে যাচ্ছেন বাবা
শেষ আপডেট: 10 May 2024 07:30
দ্য ওয়াল ব্যুরো: আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৪ বছরের শিশুর। কিন্তু তার দেহ ময়নাতদন্ত করতে নিয়ে যাওয়ার জন্য জোটেনি অ্যাম্বুল্যান্স। অগত্যা, বাইকে চেপে এক ছোট গামলা করে ছেলের মরদেহ নিয়ে হাসপাতাল যেতে হল অসহায় বাবাকে! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দিনদোরা জেলায়। ঘটনার ভিডিও ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
দিনদোরা জেলার ভুরখা গ্রামে আগুন লাগার ঘটনা ঘটেছিল। তাতে তাঁর ৪ বছরের শিশুসহ দুই গৃহপালিত পশু দগ্ধ হয়। মৃত্যু হয় সকলেরই। স্বাভাবিক নিয়মে শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে হবে। কিন্তু ওই ব্যক্তি তার ছেলের দেহ নিয়ে যাওয়ার জন্য কোনও অ্যাম্বুল্যান্স তো দূর, গাড়িও পাননি। তাই একজনের বাইকে চড়ে পুঁটলিতে বেঁধে নিজের ছেলের দেহ হাসপাতালে নিয়ে যান তিনি।
যে গ্রামে এই ঘটনা ঘটেছে সেখানে কোনও হাসপাতাল নেই। ব্যক্তির বাড়ি থেকে হাসপাতালে দূরত্ব ১৪ কিলোমিটার। কেন ওই ব্যক্তি তার সন্তানের মরদেহ নিয়ে যাওয়ার জন্য কোনও অ্যাম্বুল্যান্স পেলেন না, তা খতিয়ে দেখছে পুলিশ। যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, একজনের বাইকের পিছনে বসে আছেন ওই ব্যক্তি। এবং তার হাতে কমলা কাপড়ে মোড়া একটি পুঁটলি। তাতেই রয়েছে তার ৪ বছরের সন্তানের মরদেহ।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও সরকারি আধিকারিক বা গ্রামের কেউ এই বিষয়ে মুখ খোলেননি। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় বিরূপ প্রতিক্রিয়া দেওয়া শুরু হয়েছে। নেটিজেনরা সমাজ ব্যবস্থা এবং বর্তমান পরিকাঠামোকেই দায়ী করছেন।