মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে নিজের তিন বছরের বাচ্চার সামনে খুন ব্যক্তি। সন্ধেয় সন্তানদের নিয়ে বেরোতেই রাস্তায় অটো আটকে তাঁকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা।

ছবিটি সংগৃহীত
শেষ আপডেট: 3 October 2025 11:32
দ্য ওয়াল ব্যুরো: পুরনো শত্রুতার জেরে বাচ্চাদের সামনে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করলেন দুষ্কৃতীরা। ঘটনা মহারাষ্ট্রের সম্ভাজিনগরের। মৃত্যু নিশ্চিত করতে ওই ব্যক্তিকে ফুট ব্রিজ থেকে এরপর ফেলে পালিয়ে যায় তারা।
ঘটনার সাক্ষী ওই ব্যক্তির ১৩ বছর ও মাত্র তিন বছরের ছেলে। পুলিশ জানাচ্ছে, সেদিন বাচ্চাদের নিয়ে বাইরে বেরিয়েছিলেন সইদ ইমরান শফিক। রেলস্টেশনের কাছে যাওয়ার পথে আচমকা একটি গাড়ি এসে তাঁর অটো আটকায়। পাঁচ-ছ'জন দুষ্কৃতী জোর করে শফিককে অটো থেকে নামিয়ে মারধর শুরু করে।
কিছু বলার আগেই এলোপাথাড়ি কোপানো শুরু হয়। প্রাণ বাঁচাতে শফিক তাদের হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু সফল হননি। হামলাকারীরা তাঁর আঙুল কেটে দেয়, ডান হাতের কবজি চিরে দেয়। শুধু তাই নয়, মাথা ও গলায় একের পর এক কোপ বসাতে থাকে। শেষে ছুরি দিয়ে সারা শরীর কোপানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুক পৌঁছয় পুলিশ। বাচ্চাদের উদ্ধার করে বাড়ি পাঠানো হয়, দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। তদন্তের নেমে আধিকারিকরা জানতে পারেন, একটি গ্যাস ব্যবসা নিয়ে পুরনো শত্রুতার জেরেই এই খুন। এই ঘটনার মাত্র ৯ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয় তিনজনকে।
মূল অভিযুক্ত মুজিব ডন নামের এক ব্যক্তি, যে একাধিক অপরাধমূলক মামলার সঙ্গে জড়িত। তার সঙ্গে গ্রেফতার হয়েছে ভাই সাদ্দাম হুসেন মইনুদ্দিন এবং ভগ্নিপতি শেখ ইরফান শেখ সুলেমান।
এদিকে বাবাকে এমনভাবে খুন হতে দেখে বর্তমানে বাচ্চাদের মানসিক অবস্থা শোচনীয়। বার বার আতকে উঠছে তারা। পরিবারের সঙ্গে কথা বলে তাদের মানসিক স্বাস্থ্য উন্নত করার চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। এই তিন দুষ্কৃতীদের পরিবারের কেউ চিনতেন কি না, সে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।