
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 19 January 2025 09:29
দ্য ওয়াল ব্যুরো: কৃষকদের দাবি দাওয়া শুনতে বৈঠকে রাজি হল সরকার। ১৪ ফেব্রুয়ারি চণ্ডীগড়ে সেই বৈঠক হবে বলে জানানো হয়েছে। আশ্বাস পেয়ে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে রাজি হলেন অনশনরত কৃষক নেতা জগজিৎ সিং ডালেওয়াল। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি নিয়ে আইনি নিশ্চয়তার দাবিতে আন্দোলনে কৃষকরা। ২০২১ সালে কৃষি আইন প্রত্যাহারের পর কৃষকদের প্রতি যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন হয়নি। সেই কারণে ও আরও কিছু দাবি নিয়ে কৃষকরা পাঞ্জাব ও হরিয়ানা সীমান্তে আন্দোলন করছেন। কৃষক নেতা জগজিত সিং ডালেওয়াল ২৬ নভেম্বর থেকে অনির্দিষ্টকালীন অনশন চালিয়ে যাচ্ছেন।
শনিবার অনশনের ৫৪ নম্বর দিনে চিকিৎসা পরিষেবা গ্রহণে রাজি হন তিনি। ১৪ ফেব্রুয়ারির বৈঠকে থাকতে পারেন এই কৃষক নেতা।
কীভাবে গলল বরফ?
অনশনের শুরু থেকে কেন্দ্রীয় কৃষি মন্ত্রালয়ের তরফে ডালেওয়ালের শারীরিক অবস্থা নিয়ে খোঁজ খবর নেওয়া হয়। তাঁকে বহুবার চিকিৎসা পরিষেবা গ্রহণের আবেদন জানানো হয়। কিন্তু নিজের কথায় অনড় ছিলেন কৃষক নেতা। শারীরিক অবস্থা অবনতি হলেও তিনি কোনওভাবেই কোনও সমঝোতায় আসতে রাজি হননি। পরে কৃষি মন্ত্রালয়ের জয়েন্ট সেক্রেটারি প্রিয়া রঞ্জন-সহ কয়েকজন আধিকারিক সংযুক্ত কিষান মোর্চা, কিষান মজদুর মোর্চা ও ডালেওয়ালের সঙ্গে বৈঠক করেন।
তারপরই ১৪ ফেব্রুয়ারি বৈঠকের ঘোষণা করা হয়। আন্দোলনরত কৃষক নেতারা ডালেওয়ালকে চিকিৎসা পরিষেবা নেওয়া আবেদন জানান। তিনি রাজি হন।