পাঞ্জাবের রাস্তায় কৃষকদের বিক্ষোভ
শেষ আপডেট: 30 December 2024 11:44
দ্য ওয়াল ব্যুরো: ফসলের নূন্যতম সহায়কমূল্যে আইনি নিশ্চয়তা-সহ মোট ১৩ দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়ালে। সোমবার ৩৪ দিনে পড়ল অনশন। কৃষক নেতার পাশে দাঁড়িয়ে কেন্দ্রের মোদী সরকারের উপর চাপ বাড়াতে সোমবার ১২ ঘণ্টা বনধের ডাক দেওয়া হয়েছে। তার জেরেই এদিন সকাল থেকে স্তব্ধ হয়ে গেল পাঞ্জাব।
সোমবার সকাল ৭টা থেকে বিকেল চারটে পর্যন্ত বনধের ডাক দেওয়া হয়েছে। যার জেরেই সকাল থেকে বন্ধ দোকানপাট, বাতিল করা হয়েছে ২২১টি ট্রেন। বন্ধ করে দেওয়া হয়েছে ২০০টিরও বেশি গুরুত্বপূর্ণ রাস্তা। সব মিলিয়ে সকাল থেকেই কৃষকদের বিক্ষোভের জেরে অশান্ত হয়ে উঠেছে পাঞ্জাব। সময় যত গড়াচ্ছে বিক্ষোভের আঁচও পাল্লা দিয়ে বাড়ছে বলে খবর পাওয়া যাচ্ছে।
এদিন সকালেই বিক্ষুব্ধ কৃষকরা জলন্ধর-দিল্লি জাতীয় সড়ক ও অমৃতসর-দিল্লি জাতীয় সড়ক অবরোধ করেন। রাস্তার উপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। জানা গেছে, ইতিমধ্যে পাঞ্জাবের ২০০টিরও বেশি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা। বন্ধ করে দেওয়া হয়েছে
মোহালি বিমানবন্দরে যাওয়ার রাস্তাও। পাশাপাশি সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে আন্দোলনের জেরে বাতিল করা হয়েছে ১৬৩টি ট্রেন। এছাড়াও বেশ কিছু ট্রেনের গন্তব্যও কমিয়ে দেওয়া হয়েছে বলে খবর।
সব মিলিয়ে মোদী সরকারের উপর চাপ বাড়াতে সোমবার দিনভর একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। বনধ প্রসঙ্গে আন্দোলনকারীরা জানিয়েছেন, গোটা রাজ্যজুড়ে বনধ পালন করা হলেও সমস্ত গুরুত্বপূর্ণ পরিষেবা চালু রয়েছে। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রেও কাউকে বাধা দেওয়া হচ্ছে না। এদিকে বনধের জেরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে সোমবার পরীক্ষা বাতিল করা হয়েছে। মঙ্গলবার সেই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে সময় যত গড়াচ্ছে ৩৪ দিন ধরে অনশনরত জগজিৎ সিং দাল্লেওয়ালের শারীরিক অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। বারবার তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার অনুরোধ জানানো হলেও দাবি আদায় না পর্যন্ত তিনবি সংগ্রাম চালিয়ে যাবেন বলে স্পষ্ট জানিয়েছেন। এই পরিস্থিতিতে পাল্টা চাপ বাড়তে শুরু করেছে কেন্দ্রের উপর।