দিল্লিতে যমুনা নদীর দূষণ দীর্ঘদিনের সমস্যা। গত বিধানসভা নির্বাচনে আপের বিরুদ্ধে বিজেপির অন্যতম হাতিয়ার ছিল এই যমুনা ইস্যু (Yamuna pollution)। শাসক বদলেছে, তবে সমস্যা পাল্টায়নি।

ফাইল ছবি
শেষ আপডেট: 28 October 2025 15:32
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে যমুনা নদীর দূষণ দীর্ঘদিনের সমস্যা। গত বিধানসভা নির্বাচনে আপের বিরুদ্ধে বিজেপির অন্যতম হাতিয়ার ছিল এই যমুনা ইস্যু (Yamuna pollution)। শাসক বদলেছে, তবে সমস্যা পাল্টায়নি। এবার এই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Chhath Puja Delhi) সম্ভাব্য ছটপুজোতে অংশগ্রহণকে ঘিরে। আপের অভিযোগ, প্রধানমন্ত্রীকে যাতে দূষিত জলে নামতে না হয়, সেই কারণেই বিজেপি তৈরি করেছে 'নকল' যমুনা নদী।
আপ নেতা তথা দিল্লি রাজ্য সভাপতি সৌরভ ভরদ্বাজের অভিযোগ, প্রধানমন্ত্রীর জন্য আলাদা একটি কৃত্রিম পুকুর বানানো হয়েছে, যেখানে ঢালা হয়েছে বিশুদ্ধ পানীয় জল। অন্যদিকে, সাধারণ ভক্তদের পুজো করতে হচ্ছে যমুনার বিষাক্ত জলে, যা তাঁদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে।
সৌরভ ভরদ্বাজ রবিবার এক সাংবাদিক বৈঠকে বলেন, “বিহার নির্বাচনের আগে রাজনৈতিক প্রচারের জন্য বিজেপি মানুষের জীবন নিয়ে খেলা করছে। প্রধানমন্ত্রীর জন্য বিশেষভাবে তৈরি হয়েছে একটি ‘নকল ঘাট’, আর বাকিরা দূষিত যমুনার জলেই পুজো দিচ্ছেন।”
তিনি আরও দাবি করেন, ওয়াজিরাবাদ জলশোধনাগারের পাইপলাইন থেকে রাজধানীর পানীয় জল এনে সেই পুকুরে ঢালা হচ্ছে- যা মূলত সাধারণ নাগরিকদের জন্য সংরক্ষিত ছিল। “রাজনৈতিক লাভের জন্য জনগণের জল অপচয় করছে বিজেপি,” অভিযোগ করেন তিনি।
আপ নেতার দাবি, 'যমুনার জল এখনও ভয়ঙ্কর দূষিত। দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটির রিপোর্ট অনুযায়ী, এই জলে গুরুতর রোগ সংক্রমণের আশঙ্কা রয়েছে। কিন্তু বিজেপি নাকি রাসায়নিক ছিটিয়ে ও সাজানো ঘাট বানিয়ে দূষণ আড়াল করার চেষ্টা করছে। ছবি তোলা আর নাটক দেখানো ছাড়া তাদের কিছুই করার নেই।'
ঘটনা প্রকাশ্যে আসতেই ভিডিওটি সমাজমাধ্যমে ভাইরাল হয়, এবং সমালোচনার ঝড় ওঠে। যদিও বিজেপির তরফে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।
রাজনৈতিক মহলের মতে, বিহার বিধানসভা নির্বাচন (Bihar elections 2025) সামনে রেখে বিজেপি ‘হিন্দুত্বের এজেন্ডা’তে জোর দিচ্ছে। ছটপুজো সেই কৌশলেরই অংশ। প্রধানমন্ত্রী যমুনার ঘাটে পুজোয় অংশ নেবেন- এই বার্তা ছড়িয়ে দেওয়াই মূল উদ্দেশ্য বলে মনে করছে বিরোধী শিবির। তবে যমুনার জল দূষণের বাস্তবতা এবং কৃত্রিম ঘাট তৈরির অভিযোগে কার্যত বিপাকে পড়েছে বিজেপি।
প্রতি বছরই ছটপুজোর সময়ে যমুনার ফেনা ও দূষণ নিয়ে বিতর্ক হয়। তবে এবারে নকল যমুনা ঘাট সেই বিতর্ক আরও বাড়িয়ে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।