
কিরেন রিজিজু
শেষ আপডেট: 9 May 2025 12:18
দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান উত্তেজনার (India Pakistan Tension) আবহে করাচি বন্দরে ভারতের হামলার (Karachi Port Attack) খবর ভাইরাল হয়েছে বৃহস্পতিবার রাত থেকে। পাশাপাশি ভাইরাল (Viral) হয়েছে করাচি বন্দরের একাধিক ছবি ও ভিডিও-ও। যার সত্যতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ফ্যাক্ট চেক করে দেখা গিয়েছে, সে সব খবর-ছবি-ভিডিও আসলে মিথ্যা।
এখনও পর্যন্ত ভারত সরকার বা কোনও আন্তর্জাতিক সংস্থা করাচি বন্দরে ভারতীয় হামলার বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। পাকিস্তান সরকারের তরফ থেকেও এমন কোনও হামলার কথা জানানো হয়নি। অথচ সেই ভুয়ো খবরই যুদ্ধ আবহে ঝড়ের মতো শেয়ার হচ্ছে।
Even the Union Minister fell for fake news by News Channels and News Anchors. pic.twitter.com/bonKqSvuMd
— Mohammed Zubair (@zoo_bear) May 9, 2025
আমজনতা তো বটেই মন্ত্রীদের মতো হেভিওয়েটরাও সেই স্রোতে গা ভাসিয়ে ফেলছেন অজান্তেই। যাঁদের মধ্যে অন্যতম সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)। তিনিও 'ভারতের নৌসেনা করাচিতে হামলা চালিয়েছে' বলে টুইট করেছেন। যদিও খবর যে মিথ্যে সেই টের পেয়ে তিনি তাঁর পোস্ট মুছে ফেলেছেন।
তবে করাচি নিয়ে ভুয়ো খবর ভাইরাল হওয়ার এই ঘটনাটি কোনও বিচ্ছিন্ন বিষয় নয়। বিগত কয়েক দিন ধরেই গাজা, সিরিয়া এবং এমনকি হলিউড সিনেমার দৃশ্য থেকেও নেওয়া পুরনো ছবি ও ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে ভারত-পাকিস্তান সংঘাতের প্রসঙ্গে।
শুধু গাজা নয়, পয়লা ফেব্রুয়ারি উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার রুজভেল্ট মলের কাছে বিমান দুর্ঘটনায় বিমানবন্দর সংলগ্ন একটি বাড়িতে ভয়াবহ আগুন লেগে যাওয়ার ছবিও করাচি বন্দরের পুড়ে যাওয়া ছবি হিসেবে প্রচারিত হয়।