
ডি কে শিবকুমার
শেষ আপডেট: 21 February 2025 16:33
দ্য ওয়াল ব্যুরো: কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রীর একটি মন্তব্য ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে। ডি কে শিবকুমার (DK Shivakumar) বেঙ্গালুরুর (Bengaluru) ট্রাফিকের বাড়বাড়ন্ত এবং পরিকাঠামো সমস্যা নিয়ে বলেছিলেন, এসব রাতারাতি সমাধান করা সম্ভব নয়, এমনকি ভগবানও (God) তা পারবেন না।
শিবকুমারের এহেন মন্তব্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। অনেকেই এই সমস্যার অন্যতম দায়ী হিসেবে কাঠগড়ায় তোলে কংগ্রেস সরকারকে।
গত বুধবার সড়ক নির্মাণ সংক্রান্ত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ডি কে শিবকুমার। সেই সময় তিনি বলেন, "বেঙ্গালুরুকে রাতারাতি দু-তিন বছরের মধ্যে বদলানো সম্ভব নয়। এমনকি স্বয়ং ভগবানও তা পারবেন না। এই পরিবর্তন তখনই সম্ভব, যখন সঠিক পরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়ন করা হবে।"
বেঙ্গালুরুর বাসিন্দারা ও শহর পরিকল্পনাবিদেরা শহরের ট্রাফিক সঙ্কট, মেট্রো সম্প্রসারণের ধীর গতি ও অপর্যাপ্ত গণপরিবহন নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। সেই আবহে শিবকুমারের মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এদিকে অর্থনীতিবিদ ও অ্যারিন ক্যাপিটালের চেয়ারম্যান মোহন্দাস পাই শিবকুমারের মন্তব্যকে চ্যালেঞ্জ করে সরকারের কাজের অগ্রগতির বিষয়ে প্রশ্ন তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "মন্ত্রী ডিকে শিবকুমার, আপনাকে মন্ত্রী হিসেবে পেয়েছি দু'বছর হয়ে গেল। আমাদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে!"
এদিকে শিবকুমারের মন্তব্যের সবচেয়ে বেশি সমালোচনা করছে বিজেপি। দলের এক নেতার কথায়, "যিনি ব্র্যান্ড-বেঙ্গালুরু গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন তিনিই বলছেন, ভগবানও সমস্যার সমাধান করতে পারবেন না, তাহলে কে পারবে?"