প্রতিবারের মতো এ বারও রথযাত্রার অন্যতম আকর্ষণ ছিল হাতির মিছিল। মোট ১৬টি হাতিকে আনা হয়েছিল উৎসবে। তার মধ্যেই এক পুরুষ হাতি হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।

রথের শোভাযাত্রায় বেসামাল হাতি
শেষ আপডেট: 27 June 2025 12:40
দ্য ওয়াল ব্যুরো: একে শহরের ১৪৮তম ঐতিহ্যবাহী রথযাত্রা (Rath Yatra), তার উপর কাতারে কাতারে মানুষ, বাজনা, উলুধ্বনি—চারদিকে লোকারণ্য, মহাধুমধাম। আর সেই আবহেই আমদাবাদের (Ahmedabad) খাদিয়া এলাকায় আচমকা বেসামাল হয়ে পড়ে একটি হাতি। তারপর দে ছুট! মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভিড়ের মধ্যে হুড়োহুড়ি। অনেকে অল্পের জন্য প্রাণে বাঁচেন।
রথযাত্রার দিন, আমদাবাদের রাস্তায় এ বছর যেমন ছিল ধর্মীয় ভক্তি, তেমনই ছিল দৌড়ঝাঁপ। প্রতিবারের মতো এ বারও রথযাত্রার অন্যতম আকর্ষণ ছিল হাতির মিছিল। মোট ১৬টি হাতিকে আনা হয়েছিল উৎসবে। তার মধ্যেই এক পুরুষ হাতি হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।
VIDEO | Gujarat: Three elephants go out of control during Jagannath Rath Yatra in Ahmedabad.
(Source: Third Party)
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/HYWt1hC4sX— Press Trust of India (@PTI_News) June 27, 2025
চোখের নিমেষে সোজা ছুট দেয় সে। থমকে যায় ভক্তদের পায়ের গতি। রথযাত্রার মোহ ছাপিয়ে যায় আতঙ্ক। পুলিশ দ্রুত কড়া ব্যবস্থা না নিলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, মেনে নিচ্ছেন আয়োজকরাই।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, হাতির আচরণে বিচলিত না হয়ে তারা দ্রুত ভিড় সরিয়ে নেয়। কোনও প্রাণহানি না হলেও, ভিড়ের মধ্যে হুড়োহুড়ি হয়েছিল ঠিকই। অনেকেই রক্ষা পান কেবল ভাগ্যের জোরে।
ঘটনার পরে হাতিটিকে আলাদা করে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। পশু চিকিৎসক ও বিশেষজ্ঞদের দল তার শারীরিক ও মানসিক অবস্থা খতিয়ে দেখছে। কেন এমন আচরণ, তার কারণ জানতে তদন্ত শুরু করেছে রথযাত্রা কমিটি।
জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথযাত্রা যে শুধু ওড়িশা বা পুরীর মধ্যেই সীমাবদ্ধ নয়, তার প্রমাণ আমদাবাদ। এমন দিনে গুণ্ডিচা মন্দির থেকে রথে চড়ে দেবতাদের গমন, সারা দেশের ভক্তদের টানে, বিদেশ থেকেও আসেন হাজার হাজার মানুষ। ধর্ম, সংস্কৃতি আর আস্থার এই মিলনমেলাকে কেন্দ্র করেই শহরের উৎসবচিত্র জমে ওঠে। স্কন্দ পুরাণেও বলা আছে, জগন্নাথের যত উৎসব, তার মধ্যে গুণ্ডিচা যাত্রা সর্বশ্রেষ্ঠ।