পশ্চিমবঙ্গ, কেরল-সহ চার রাজ্য ও পুদুচেরির বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা আজই! বিকেলে কমিশনের সাংবাদিক বৈঠকে জানা যাবে দিনক্ষণ।

চার রাজ্যে ভোট ঘোষণা আজই
শেষ আপডেট: 15 March 2026 12:21
দ্য ওয়াল ব্যুরো: বাংলা, অসম, তামিলনাড়ু-সহ চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট ঘোষণা হতে চলেছে আজই। দেশজুড়ে বড় নির্বাচনী লড়াইয়ের কাউন্টডাউন শুরু সময়ের অপেক্ষা মাত্র। আজ বিকেল চারটেয় এ নিয়ে সাংবাদিক বৈঠক (Press Conference) করার কথা রয়েছে কমিশনের। সেখানেই দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে।
কেরল (Kerala), পশ্চিমবঙ্গ (West Bengal), তামিলনাড়ু (Tamil Nadu), অসম (Assam) এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি (Puducherry)-তে বিধানসভা নির্বাচন রয়েছে এ বছর। তাই সময় মেনেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন।
সূত্রের খবর, সম্ভাব্য সূচি অনুযায়ী এপ্রিল (April) মাসে ভোটগ্রহণ হতে পারে। আর ফলাফল প্রকাশ (Results) হওয়ার সম্ভাবনা রয়েছে মে মাসের শুরুতে।
ইতিমধ্যেই ভোট আয়োজনের একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছে কমিশন। বিভিন্ন রাজ্যে ভোটের প্রস্তুতি কতটা এগিয়েছে, তা খতিয়ে দেখা হয়েছে। একই সঙ্গে চূড়ান্ত করা হয়েছে ভোটার তালিকা (Electoral Rolls)। নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হয়েছে ভালভাবে।

পশ্চিমবঙ্গে পূর্বে যেভাবে ভোটচুরির অভিযোগ উঠেছে বা ভোট চলাকালীন সন্ত্রাস হয়েছে, তা মাথায় রেখে সেখানে বাড়তি নজর দিচ্ছে কমিশন। অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে এখানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হতে পারে। সূত্রের খবর, রাজ্যে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী (Central Forces) মোতায়েন করার পরিকল্পনা রয়েছে।
ভোট পরিচালনার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বুথ ব্যবস্থাপনা এবং নিরাপত্তা সংক্রান্ত নানা দিক খতিয়ে দেখা হয়ে গেছে ইতিমধ্যেই। সেই রিপোর্টের ভিত্তিতে চূড়ান্ত করা হয়েছে নির্বাচনী প্রস্তুতি।
আজ বিকেলের সাংবাদিক বৈঠকে সম্ভাব্য ভোটের দিনক্ষণ, দফাভিত্তিক ভোটগ্রহণ এবং গণনার তারিখ (Counting Date) ঘোষণা করা হতে পারে। কমিশনের ঘোষণার পর শুরু হয়ে যাবে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক লড়াই।