.webp)
মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা কেন্দ্র আছে।
শেষ আপডেট: 28 September 2024 17:21
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীর ও হরিয়ানার ভোটের ফল বাজিয়ে দেখতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি। আর তারপরেই ভোটের দামামা বেজে উঠবে মহারাষ্ট্রে। দেওয়ালির রোশনাই শেষ হতেই বিধানসভা ভোট লড়াইয়ের মশাল জ্বলে উঠবে আরব সাগর তিরের এই রাজ্যে। শনিবার ভারতের নির্বাচন কমিশন জানিয়ে দিল আগামী ২৬ নভেম্বরের আগেই ভোটপর্ব মিটে যাবে মারাঠা রাজ্যে।
এদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এক সাংবাদিক সম্মেলন করে বলেন, মহারাষ্ট্র বিধানসভা মেয়াদ শেষ হবে ২৬ নভেম্বর। তার আগেই ভোটপর্ব মিটিয়ে ফেলা হবে। তিনি বলেন, কোনও প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে তা যেন আগাম জানানো হয়। ফৌজদারি মামলা থাকলে তা যেন ছাপা এবং বৈদ্যুতিন সংবাদমাধ্যমে জানানো হয়। প্রার্থী বাছাইয়ের তিনদিনের মধ্যে বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে মামলার বিষয়ে।
এর আগে নির্বাচন কমিশনের আধিকারিক রাজ্যের ১১টি রাজনৈতিক দল এবং পুলিশ-প্রশাসনের সঙ্গে কথা বলেন। মহারাষ্ট্রে ১১৮৬টি ভোটগ্রহণ কেন্দ্র হবে। কমিশনের পরিকল্পনা আছে এর অর্ধেক কেন্দ্রে ওয়েবকাস্টিং এবং সিসিটিভি কভারেজের ব্যবস্থা হবে। রাজীব কুমার এদিন আরও জানান, রাজনৈতিক দলগুলি আমাদের ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে দেওয়ালি, দেব দেওয়ালি এবং ছট পুজোর কথা মাথায় রাখতে বলেছে। আমরাও সেদিকটা নজরে রাখব।
উল্লেখ্য, মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা কেন্দ্র আছে। মোট ভোটার সংখ্যা ৯ কোটি ৫৯ লক্ষ। তার মধ্যে পুরুষ ভোটার সাড়ে ৪ কোটির মতো এবং মহিলা ভোটারের সংখ্যা তার থেকে সামান্য বেশি ৪.৬৪ কোটি। প্রথমবার ভোট দেবেন সাড়ে ১৯ লক্ষের মতো যুবক-যুবতী।