
অভিযুক্ত পড়ুয়া
শেষ আপডেট: 12 February 2025 13:29
দ্য ওয়াল ব্যুরো: পৈশাচিক। না তাও নয়, এর চেয়েও আরও ভয়ংকর। জামা খুলিয়ে যৌনাঙ্গ থেকে ডাম্বল বেঁধে ঝুলিয়ে দেওয়া হত ছাত্রদের। শুধু তাই নয়, জ্যামিতি বাক্স থেকে কম্পাস নিয়ে সারা শরীরে গেঁথে দিয়ে সেই অবস্থায় ব্যাপক মারধর। ভাবা যায়? সদ্য কলেজে ঢোকা পড়ুয়াদের ওপর এমনই পাশবিক অত্যাচার চলত। সহ্যের বাধ ভাঙতেই মুখ খুললেন পড়ুয়ারা। অবশেষে গ্রেফতার তৃতীয় বর্ষের ৫ পড়ুয়া।
কেরলের কোট্টায়ামের একটি সরকারি নার্সিং কলেজে এমনই পৈশাচিক অত্যাচার করে র্যাগিং চলত নবাগত পড়ুয়াদের ওপর। গত বছরের নভেম্বর মাস থেকেই র্যাগিং শুরু হয়েছিল। ঘণ্টার পর ঘণ্টা উলঙ্গ করে দাঁড় করিয়ে রাখা, পুরুষাঙ্গের সঙ্গে ডাম্বেল বেঁধে ঝুলিয়ে দেওয়া, কম্পাস দিয়ে শরীরে ফুটো করে মারধর করা হত দিনের পর দিন।
এতেই ক্ষান্ত হয়নি অভিযুক্তরা। ক্ষতের জায়গায় এমন লোশন লাগিয়ে দেওয়া হত, যাতে যন্ত্রণা আরও বাড়ে। যদি কেউ আর্তনাদ করতেন তাহলেই মুখে ঢেলে দেওয়া হত ওই লোশন।
অভিযোগ, সব কিছুর ভিডিও করে রাখত অভিযুক্তরা। কেউ প্রতিবাদ করলেই ভিডিও দেখিয়ে পড়ুয়াদের ব্ল্যাকমেল করা হত। বলা হত ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হবে। তিন মাস সহ্য করার পর প্রথম বর্ষের তিন পড়ুয়া পুলিশে অভিযোগ জানায়।
মূলত জুনিয়রদের থেকে মদ খাওয়ার জন্য টাকা তুলত অভিযুক্তরা। কেউ সেই টাকা দিতে অস্বীকার করলেই অত্যাচার চালানো হত। জানা যাচ্ছে, অভিযুক্তদের বিরুদ্ধে অ্যান্টি-র্যাগিং আইনে মামলা দায়ের হয়েছে।