
মুম্বই
শেষ আপডেট: 8 July 2024 10:59
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ অপেক্ষার পর ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে মুম্বই এবং আশপাশের এলাকায়। তাতে তীব্র দহন যন্ত্রণা থেকে মুক্তি মিলেছে বটে; কিন্তু সপ্তাহের প্রথম দিনটি মাটি হওয়ার জোগার হয়েছে দেশের বাণিজ্য রাজধানীতে।
এই মুহূর্তে কার্যত গোটা শহর স্তব্ধ হয়ে আছে। গত রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে পশ্চিম রেলের কয়েকশো কিলোমিটার লাইন জলে ডুবে আছে। ফলে লোকাল ও দূরপাল্লার ট্রেন চলাচল প্রায় বন্ধ। বলা হয় মুম্বইয়ে ট্রেন চলাচল বন্ধ মানে শহর অচল। রাস্তায় যানবাহনের চাপ থাকায় অনেকেই ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন না। ট্রেনে যাতায়াত করেন।
ওদিকে, বৃষ্টিতে রাস্তায় জল জমে থমকে আছে যান চলাচল। কয়েক কিলোমিটার লম্বা গাড়ির সারি দাঁড়িয়ে শহরের রাস্তায়।
বিমান চলাচলেও বিঘ্ন ঘটেছে শহরে। বহু যাত্রী সময়ে বিমানবন্দরে পৌঁছাতে না পেরে প্লেন মিস করেছেন। মুম্বই পুর কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক ঘণ্টায় শহরে তিনশো মিলি মিটার বৃষ্টি হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।