বেঙ্গালুরুতে ঘটেছে এই ঘটনা। পুলিশের মতে, অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তাঁর গাড়ি গাছ ও দেওয়ালে ধাক্কা মেরে খুন করেন অপর যুবককে। গোটা ঘটনাটি গাড়ির ড্যাশ ক্যামেরায় ধরা পড়ায় দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

নিহত যুবক
শেষ আপডেট: 27 January 2026 15:57
দ্য ওয়াল ব্যুরো: বিয়ার খেতে খেতে পাড়ার একটি ক্রিকেট ম্যাচ (Cricket Match) নিয়ে বচসা। তার মধ্যেই সিগারেট ধরানোর জন্য লাইটার না পেয়ে একে অপরের প্রতি ক্ষোভ বাড়ে দুই বন্ধুর। তারপরই ঘটল ভয়ঙ্কর ঘটনা। বন্ধুর হাতে খুন হয়ে গেলেন অন্য বন্ধু!
বেঙ্গালুরুতে ঘটেছে এই ঘটনা (Bengaluru Car Crash)। পুলিশের মতে, অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তাঁর গাড়ি গাছ ও দেওয়ালে ধাক্কা মেরে খুন করেন অপর যুবককে। গোটা ঘটনাটি গাড়ির ড্যাশ ক্যামেরায় (Car Dash Camera) ধরা পড়ায় দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
নিহত যুবকের নাম প্রশান্ত (৩৩)। অভিযুক্ত রোশন হেগড়ে (৩৭), পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী। পুলিশ জানিয়েছে, ইলেকট্রনিক্স সিটির একটি খেলার মাঠে ক্রিকেট টুর্নামেন্ট শেষ হওয়ার পর দু’জনে একটি মলের পিছনের খোলা জায়গায় বসে বিয়ার পান করছিলেন। সেই সময় সিগারেটের লাইটার নিয়ে সামান্য মতবিরোধ থেকেই বচসা শুরু হয়। প্রথমে কথা কাটাকাটি হলেও দ্রুত তা হাতাহাতিতে গড়ায়।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, দু’জনেই একে অপরকে ধাক্কা দিতে থাকেন এবং গালিগালাজ চলে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন দু’পক্ষই বিয়ার বোতল হাতে একে অপরের উপর চড়াও হয়। সেই সময় রোশন হেগড়ের জিভে গুরুতর চোট লাগে। ঘটনার পরে হেগড়ে নিজের টাটা সাফারি গাড়িতে করে ঘটনাস্থল ছাড়ার চেষ্টা করেন।
কিন্তু তাতেই পরিস্থিতি শান্ত হয়নি। পুলিশ জানায়, প্রশান্ত গাড়িটিকে ধাওয়া করেন এবং চলন্ত গাড়ির সামনের ফুটরেস্টে দাঁড়িয়ে ঝগড়া চালিয়ে যান। অভিযোগ, সেই অবস্থাতেই হেগড়ে গাড়ির গতি বাড়িয়ে দেন এবং ইচ্ছাকৃতভাবে একটি রাস্তার ধারের গাছ ও পরে একটি কম্পাউন্ড দেওয়ালে সজোরে ধাক্কা মারেন। ভয়াবহ সংঘর্ষে প্রশান্তের মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ সূত্রে খবর, পুরো ঘটনাটি গাড়ির ড্যাশ ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। সেই ফুটেজের সাহায্যেই দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। ঘটনার এক ঘণ্টার মধ্যেই রোশন হেগড়েকে গ্রেফতার করা হয় এবং অপরাধে ব্যবহৃত টাটা সাফারি বাজেয়াপ্ত করা হয়েছে।
এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), ২০২৩-এর ১০৩(১) ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে এবং ড্যাশ ক্যামেরার ফুটেজ ছাড়াও অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
মদ্যপ থাকলে তুচ্ছ কারণের ঝগড়াও যে এমন পরিণতি ডেকে আনতে পারে, বেঙ্গালুরুর এই ঘটনা ফের সেই বাস্তবতাকেই সামনে এনে দিল বলে মনে করছে তদন্তকারী মহল।