দুর্ঘটনার পর অভিযুক্ত পুলিশকর্মীরা ঘটনাস্থল ছেড়ে পালানোর চেষ্টা করেন তবে স্থানীয় বাসিন্দারাই তাঁদের ধরে ফেলে। প্রায় ৫০০ মিটার রাস্তা তাড়া করে পুলিশকর্মীদের ধরতে সফল হয় তাঁরা।

ফাইল চিত্র
শেষ আপডেট: 18 September 2025 12:44
দ্য ওয়াল ব্যুরো: রাজধানীতে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি (Drunk Delhi Cops Run Over Elderly Man)। অভিযোগ, পুলিশ কন্ট্রোল রুমের (পিসিআর) একটি ভ্যান তাঁকে ধাক্কা মারে। বৃহস্পতিবার ভোরে সেন্ট্রাল দিল্লির রামকৃষ্ণ আশ্রম মেট্রো স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম গঙ্গারাম তিওয়ারি। তিনি পেশায় চায়ের দোকানের মালিক ছিলেন। নিহতের ছেলে এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, 'পিসিআর ভ্যানে দু’জন পুলিশকর্মী এবং একজন মহিলা ছিলেন। তাঁরা প্রত্যেকেই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। ভ্যানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রোডসাইড র্যাম্পে উঠে আমার বাবাকে গাড়িতে ধাক্কা মারে (Drunk Delhi Cops Run Over Elderly Man)।'
তিনি আরও অভিযোগ করেন, 'ভ্যানে কয়েকটি খালি মদের বোতলও পড়েছিল এবং পুলিশকর্মীদের গা থেকে মদের গন্ধও পাওয়া যাচ্ছিল।' যুবকের দাবি, 'পুলিশের লোকেরাই ঘটনাস্থলে কাছাকাছি একটি স্পট বানিয়েছে, যেখানে প্রায়ই এসে মদ্যপান করে।'
দুর্ঘটনার পর অভিযুক্ত পুলিশকর্মীরা ঘটনাস্থল ছেড়ে পালানোর চেষ্টা করেন তবে স্থানীয় বাসিন্দারাই তাঁদের ধরে ফেলে। প্রায় ৫০০ মিটার রাস্তা তাড়া করে পুলিশকর্মীদের ধরতে সফল হয় তাঁরা। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভও দেখান অনেকে।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দিল্লি পুলিশ ইতিমধ্যেই ওই দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করেছে। তাঁদের মধ্যে একজন সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই) এবং একজন কনস্টেবল। জানা গেছে, এফআইআর দায়েরের প্রক্রিয়া চলছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি, দুই পুলিশকর্মীর মেডিক্যাল পরীক্ষা করা হবে বলেও জানিয়েছে দিল্লি পুলিশ।