
চিনের ক্ষেত্রে ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত থেকে পিছু না হটায় মঙ্গলবার থেকেই তা চালু হয়ে গেল।
শেষ আপডেট: 4 February 2025 11:12
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব প্রতিক্রিয়ায় আচমকা ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো ও কানাডার উপর চাপানো অতিরিক্ত শুল্কের বোঝা একমাসের জন্য স্থগিত করে দিলেন। মঙ্গলবার হঠাৎ এই 'মহান' পদক্ষেপের কারণ হল মেক্সিকোর মুদ্রা পেসো ও কানাডার ডলারের তুলনায় মার্কিন ডলারের দামের বিপরীত প্রভাব পড়েছে। এর ফলে ডোনাল্ড ট্রাম্পের আগের নীতির পরিপ্রেক্ষিতে আমেরিকা ও কানাডার অর্থনীতিতে হইহই রব পড়ে যায়।
এদিকে, এই খবর ছড়িয়ে পড়া মাত্রই মুহূর্তে চাঙ্গা হয়ে ওঠে ভারতের শেয়ার বাজার। মঙ্গলবার সকালে বাজার শুরুই হয় সেনসেক্স ৭০০ পয়েন্ট এবং নিফটি ৫০ প্রায় ২৩,৫০০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। গতকাল বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্স ছিল ৭৭,১৮৬.৭৪। এদিন বাজার খোলা মাত্রই তা ৭০০ পয়েন্ট বেড়ে হয় ৭৭,৬৮৭.৬০। অন্যদিকে, গতকাল বাজার বন্ধের সময় নিফটি ৫০ ছিল ২৩,৩৬১.০৫। আজ প্রায় ১ শতাংশ বৃদ্ধি ঘটে বাজার খোলার সময় তা ছিল ২৩,৫০৯.৯০। এছাড়াও বিএসই মিডক্যাপ সূচক ১.৩৮ শতাংশ এবং স্মলক্যাপ সূচক ১.১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ট্রাম্প জানান, জাস্টিন ট্রুডোর সঙ্গে এ ব্যাপারে দুবার ফোনে কথা হয়েছে। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ট্রুডো উত্তর সীমান্ত থেকে অনুপ্রবেশ বন্ধ ও মাদক পাচার পুরোপুরি বন্ধের আশ্বাস দিয়েছেন। আর তারপরেই কানাডা ও মেক্সিকোর উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত আপাতত ৩০ দিন স্থগিত রাখার সিদ্ধান্ত নেন ট্রাম্প। এর আগে ট্রাম্প মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবওমের সঙ্গেও মৌখিক চুক্তি করে নেন। ক্লডিয়া সেনা নামিয়ে উত্তর সীমান্ত অঞ্চল দিয়ে অনুপ্রবেশ রুখতে রাজি হয়েছেন। এর পরিবর্তে আমেরিকাও সেদেশে বন্দুক সরবরাহ বন্ধ রাখতে রাজি হয়েছে।
কিন্তু, চিনের বিষয়ে ট্রাম্পের অনড় মনোভাব বজায় রয়েছে। চিনের ক্ষেত্রে ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত থেকে পিছু না হটায় মঙ্গলবার থেকেই তা চালু হয়ে গেল। ট্রাম্প জানিয়েছেন, তিনি চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন। সেই আলোচনায় যদি কোনও ফলপ্রসূ সমাধান না বেরিয়ে আসে তাহলে শুল্ক বৃদ্ধির কাজ ভবিষ্যতেও হতে পারে।