অপারেশন থিয়েটারে অপারেশনের আগে ধন্বন্তরী স্তোত্র পাঠ করছেন চিকিৎসকেরা—ভিডিও ভাইরাল হতেই প্রশংসা ও বিতর্ক। কেউ বলছেন ঈশ্বরের আশীর্বাদ, কেউ বলছেন অনৈতিক আচরণ।

প্রতিনিধিমূলক ছবি এআই দিয়ে তৈরি, ভিডিও ভিতরে।
শেষ আপডেট: 4 July 2025 17:37
দ্য ওয়াল ব্যুরো: সার্জারির আগে প্রার্থনায় মগ্ন চিকিৎসকরা। অপারেশন থিয়েটারের ভেতর সার্জিকাল সবুজ পোশাকে দাঁড়িয়ে তাঁরা হাতজোড় করে ধন্বন্তরী মন্ত্র পাঠ করছেন। এমনই এক দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তার পরেই প্রশংসা ও বিতর্কের ঝড় উঠেছে। কেউ বলছেন এ তো ঈশ্বরের আশীর্বাদ, কেউ আবার বলছেন এসব ওটি-তে অনৈতিক আচরণ।
ভিডিওটিতে দেখা গেছে, অপারেশন থিয়েটারের ভিতরে সবুজ সার্জারি পোশাকে সজ্জিত একদল চিকিৎসক অপারেশনের আগে ধন্বন্তরী মন্ত্র জপ করছেন সম্মিলিতভাবে। হাসপাতালের দেওয়ালে শ্রীশ্রী রবিশঙ্করের ছবিও স্পষ্ট দেখা যাচ্ছে। ভিডিওটির সত্যতা যাচাই করেনি 'দ্য ওয়াল'। ভিডিওটি কোথাকার, তাও জানা যায়নি।
দেখুন সেই ভিডিও।
Doctors are chanting the Dhanvantari Stotra in the Operation Theatre before Surgery, Filming it for a Reel, you can also see a photo of Double Sri Ravishankar in the background
11 years of Modi’s rule is showing its Effects across all Fields 😵💫
pic.twitter.com/uc5Aitb2fQ— 𝗩eena Jain (@DrJain21) July 4, 2025
কী এই ধন্বন্তরী মন্ত্র?
ধন্বন্তরী হিন্দু ধর্মে চিকিৎসাবিদ্যার দেবতা, যাঁকে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের পিতা বলে মানা হয়। ধন্বন্তরী মন্ত্র পাঠকে হিন্দু ধর্মে আত্মিক এবং শারীরিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কথিত আছে, এই মন্ত্র পাঠ মানুষের কষ্ট লাঘব করে এবং সুস্থতা ও সমৃদ্ধি এনে দেয়।
এই মন্ত্রের বাংলা তর্জমা হল, "ভগবান বাসুদেবের উদ্দেশ্যে নমস্কার, যিনি ধন্বন্তরী রূপে অমৃতঘট হাতে ধারণ করেন, যিনি সব রকমের রোগ দূর করেন, যিনি তিনটি লোকের অধিপতি এবং মহাবিষ্ণুর রূপ।"
এই মন্ত্র পাঠ আত্মসচেতনতা বাড়ায়, মানসিক চাপ কমায় এবং মানুষকে আভ্যন্তরীণ শান্তি দেয় বলে বিশ্বাস করেন অনেকে।
তবে ভিডিওটি সামনে আসার পর চিকিৎসক মহল ও সাধারণ মানুষ মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন।
অনেকেই বলছেন, "অপারেশনের আগে এত পবিত্র প্রার্থনা হয় জেনে ভাল লাগল। চিকিৎসকেরা চিকিৎসা করেন, কিন্তু আরোগ্য দেন তিনিই।"
ভিডিওটির মন্তব্য ঘিরে রাজনীতিও এসেছে আলোচনায়। কথা উঠেছে, ১১ বছরের মোদী শাসনের প্রভাব এখন সবক্ষেত্রে পড়ছে, অপারেশন থিয়েটারেও আধ্যাত্মিকতা ঢুকে পড়েছে।
আবার অর্থাৎ, মন্ত্রোচ্চারণ নিয়ে কারও আপত্তি না থাকলেও অপারেশন থিয়েটারের মতো একটি সংবেদনশীল ও গোপনীয় স্থানে ভিডিও রেকর্ড করা কতটা পেশাদারসুলভ আচরণ, তা নিয়েও উঠছে প্রশ্ন।
সব মিলিয়ে এই ঘটনাকে অনেকে ভক্তিপূর্ণ পরিবেশ হিসেবে দেখলেও কেউ কেউ সরকারি হাসপাতালের ধর্মনিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছেন।