
নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 29 April 2025 10:13
দ্য ওয়াল ব্যুরো: পহেলগামের হত্যাকাণ্ডের (Pahalgam killing) জেরে ভারত-পাকিস্তানের (India and Pakistan) মধ্যে যুদ্ধ উন্মাদনার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি লিখেছে করাচির এক কিশোর (letter written by Pakistani disabled teen) । লাহোর (Lahore) হয়ে সোমবার করাচির (Karachi) বাড়িতে ফিরেছে আয়ান নামে বছর পনেরোর ওই কিশোর।
বাবার হাত ধরে দেশে ফিরলেও তার মা ও মাসিকে পাকিস্তানে ফিরতে দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ। তাঁদের ভারতীয় পাসপোর্ট থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে সীমান্ত প্রশাসন। আর তাতেই মায়ের সঙ্গে বিচ্ছেদ ঘটে গিয়েছে পঙ্গু কিশোরের। অসুস্থ আয়ান তাই ভারতের প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে আর্জি জানিয়েছে, তাঁর মা ও মাসিকে যেন পাকিস্তানে ফিরতে দেওয়ার ব্যবস্থা করা হয়।
সোমবার করাচি ক্যান্টনম্যান্ট স্টেশনে পৌঁছে আয়ান, তার বাবা এবং পরিবারের বাকিরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আয়ানের বাবা জানান, তাঁর স্ত্রী এখনও ভারতীয় নাগরিক। বিয়ের পর নাগরিকত্ব চেয়ে আবেদন করলেও পাকিস্তান সরকার কোনও সিদ্ধান্ত জানায়নি। ভারতীয় পাসপোর্ট আর পাকিস্তানের ভিসা নিয়ে তাঁর স্ত্রী করাচিতে সাংসারিক জীবন কাটাচ্ছিলেন।
দিল্লিতে যাওয়া জরুরি হয়ে পড়ে আয়ান পঙ্গু হয়ে যাওয়ায়। এক গোলমালে ভুলবশত করাচি পুলিশ আয়ানকে মারধর করে। তাতেই পঙ্গু হয়ে যায় সে। দিল্লির ইন্দ্রপ্রস্থ হাসপাতালে ছেলেকে চিকিৎসার জন্য নিয়ে আসেন বাবা-মা। চিকিৎসা শুরু হয়েছিল। এরই মধ্যে পহেলগামের ঘটনার জেরে পাকিস্তানি নাগরিকদের দ্রুত দেশ ছাড়তে বলা হয়। কিন্তু ভারতীয় পাসপোর্ট থাকায় আয়ান ও তাঁর মাসিকে আটকে দেয় কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সুত্র বলছে, প্রধানমন্ত্রীর পক্ষেও আয়ানের সমস্যার সমাধান করা কঠিন। কারণ, পাকিস্তানও ভারতীয়দের দেশ ছাড়তে বলেছে। ইতিমধ্যে এক হাজারের কাছাকাছি ভারতীয় দেশে ফিরে এসেছেন। আয়ানের মা দেশে ফিরতে চাইলে ভারতীয় কর্তৃপক্ষ ছাড় দিলেও পাকিস্তানি কর্তৃরক্ষ তাকে প্রবেশাধিকার দেবে কি না সেই প্রশ্নও সামনে এসেছে। তিনি পাকিস্তানের বধূ হলেও আইনত ভারতীয় নাগরিক। একমাত্র মানবিক কারণে দুই দেশ বিশেষ সিদ্ধান্ত নিলে তবেই মা’কে ফিরে পেতে পারে আয়ান।