'লেডি ডন' জোয়া খান
শেষ আপডেট: 21 February 2025 12:33
দ্য ওয়াল ব্যুরো: বারবার পালালেও শেষরক্ষা হল না। শেষমেশ পুলিশের জালে দিল্লির 'লেডি ডন' জোয়া খান। জানা গিয়েছে, ২৭০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। যার আনুমানিক বাজারদর প্রায় ১ কোটি টাকা।
৩৩ বছর বয়সি দিল্লির লেডি ডন জোয়া দীর্ঘদিন দিল্লি পুলিশের নজরে থাকলেও তার নাগাল পাওয়া যাচ্ছিল না। জোয়া কুখ্যাত গ্যাংস্টার হাসিম বাবার তৃতীয় স্ত্রী। যদিও ২০১৭ সালে হাসিম বাবাকে বিয়ে করার আগে আরও একজনকে বিয়ে করেছিলেন জোয়া।
জানা গিয়েছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরই দিল্লির কুখ্যাত গ্যাংস্টার হাসিম বাবার সংস্পর্শে আসেন জোয়া। ধীরে ধীরে জড়িয়ে পড়েন অপরাধ জগতের সঙ্গে। কিন্তু হাসিম বাবা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর অপরাধ জগতের মাথা হয়ে ওঠেন তিনি।
এরপরই একের পর এক খুন, অপহরণ, তোলাবাজি-সহ নানা অপরাধমূলক কাজের নেতৃত্ব দিতেন। তবে বেশ কয়েকবার জোয়াকে গ্রেফতারের উদ্যোগ নিলেও প্রতিবারই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান দিল্লির লেডি ডন।
দিল্লি পুলিশ জানিয়েছে, প্রতিটি অপরাধের আগেই তিহার জেলে বন্দি স্বামী হাসিম বাবার সঙ্গে গোপনে দেখা করে প্রয়োজনীয় নির্দেশ নিতেন জোয়া। সাংকেতিক ভাষাযতেই দু'জনের মধ্যে কথাবার্তা হত।
বছরের পর বছর ধরে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল ও ক্রাইম ব্রাঞ্চ ধরতে হিমশিম খেলেও উত্তর পূর্ব দিল্লি থেকে তাকে গ্রেফতার করে স্পেশ্যাল সেল। উত্তরপ্রদেশের মুজাফফরনগরে আরও মাদক পাচারের ছক ছিল তার।