
ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন বহু
শেষ আপডেট: 10 August 2024 17:35
দ্য ওয়াল ব্যুরো: প্রবল বৃষ্টিতে রাজধানী দিল্লির জনজীবন লন্ডভন্ড। ভারী বর্ষণের জেরে দিল্লির মডেল টাউনে শনিবার একটি বাড়ি ভেঙে পড়ে একজনের মৃত্যুর আশঙ্কা। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন বহু। অন্য আরেকটি ঘটনায় ময়ূর বিহার এলাকায় একটি আবাসনের একতলায় শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়।
মডেল টাউনের মহেন্দ্রু এনক্লেভ এদিন বৃষ্টিতে হুড়মুড় করে ভেঙে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। দুজনকে জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিল্লির দমকল বিভাগ জানিয়েছে, আরও বেশ কয়েকজনের ভিতরে আটকে থাকার আশঙ্কা রয়েছে।
গতকাল ও আজ দিল্লি ও সন্নিহিত এনসিআর এলাকায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিতে শহরে বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে রয়েছে। রাস্তাঘাটে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। দ্বারকায় একটি স্কুলের পাঁচিলের উপর গাছ ভেঙে পড়লে পাঁচিল চাপা পড়ে জখম হয়েছেন দুজন। বাবা হরিদাস নগরে পুর বিদ্যালয়ের ধারে এই দুর্ঘটনা ঘটে। গাছটি শিকড় থেকে উপড়ে পাঁচিলের উপর পড়ে যায়।
আবহাওয়া দফতর দিল্লির জন্য কমলা সতর্কতা জারি করেছে। পূর্ব দিল্লি, দক্ষিণ-পূর্ব দিল্লি এবং মধ্য দিল্লির বিস্তীর্ণ এলাকা জলে ডুবে রয়েছে। দিল্লি বিমানবন্দরের কারগো এলাকা জলে থইথই করছে। হরিয়ানাতেও ব্যাপক বৃষ্টি হয়ে চলেছে।