
দিল্লির বাজি পোড়ানোর ছবি
শেষ আপডেট: 14 October 2024 15:48
দ্য ওয়াল ব্যুরো: দূষণে ফের মাত্রা বাড়ছে রাজধানীতে। আর তাই ১ জানুয়ারি পর্যন্ত যাবতীয় বাজি নিষিদ্ধ করল দিল্লি সরকার। দিল্লির দূষণ নিয়ন্ত্রণ কমিটি এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে। বলেছে, বাজি পড়ানো তো বটেই, উৎপাদন, জমা করেও রাখতে বারণ করা হয়েছে।
সোমবার দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রায় তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ২০২৫ এর ১ জানুয়ারি পর্যন্ত সব বাজি উৎপাদন, পোড়ানো, বিক্রিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শীতে দিল্লিতে দূষণের মাত্রা বৃদ্ধি পায়। তাই পরিবেশ ঠিক রাখতে তিনি দিল্লিবাসীকে এগিয়ে আসার আহ্বান করেছেন তিনি।
অর্থাৎ ব্যাপারটা যা দাঁড়াল, তা হল কালীপুজো তো বটেই পাশাপাশি নতুন বছরেও বাজি ফাটানো যাবে না দিল্লিতে।
পরিসংখ্যান যা বলছে, দশেরার পর থেকে দিল্লিতে বাতাসের গুণমান খারাপ হতে শুরু করে। গত বছর এই সময় দিল্লির বাতাসের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) হাজারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। যা অতি বিপজ্জনক।
বিশেষজ্ঞরা বলছেন, বাতাসের ধূলিকণার মধ্যে থাকে নাইট্রেট, কার্বন-সহ আরও নানা রকমের বিষাক্ত পদার্থ। রক্তের সঙ্গে ধমনীতে প্রবেশ করে তা রক্তচলাচলের পথে বাধা তৈরি করে। রক্ত সঞ্চালন বাধা পেলে তখন উচ্চরক্তচাপের আশঙ্কা বেড়ে যায়। বাড়ে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, ডায়াবেটিস, হাইপোথাইরয়েডের মতো রোগ।