
প্রতীকী ছবি
শেষ আপডেট: 9 February 2025 12:38
দ্য ওয়াল ব্যুরো: ভ্যালেন্টাইন সপ্তাহ চলছে। পরশু মঙ্গলবার অর্থাৎ ১১ ফেব্রুয়ারি হল প্রমিস ডে ( Promise Day 11th February)। তার সঙ্গে অবশ্য রাজনীতির সম্পর্ক নেই। তবে দিল্লির নির্বাচনে বিজেপির বিপুল সাফল্যের পর একবার ফিরে দেখা যেতে পারে, এই ভোটে বিজেপি কী কী প্রমিস করেছিল বা প্রতিশ্রুতি দিয়েছিল।
দিল্লিতে বিধানসভার ৭০টি আসন রয়েছে। তার মধ্যে ৪৮টি আসনে জিতেছে বিজেপি। অরবিন্দর কেজরিওয়াল নিজে হেরে গেছেন। তাঁর আম আদমি পার্টি ৬২ থেকে নেমে এসেছে ২২টি আসনে।
এবার মিলিয়ে দেখতে হবে, ভোটে যে সব প্রতিশ্রুতিগুলো দিয়েছিল বিজেপি তা কবে থেকে পূরণ করা শুরু করে। কারণ দিল্লিতেও এখন ডবল ইঞ্জিন সরকার। অতীতের মদনলাল খুরানা বা সুষমা স্বরাজের মতো কোনও ওজনদার নেতা এখন দিল্লি বিজেপিতে নেই। তাই ধরে নেওয়া যায়, সরকার বকলমে চলবে ৭ নম্বর জনকল্যাণ মার্গ থেকে বা প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে।
বিজেপির প্রতিশ্রুতিগুলি এক নজরে ( Delhi Election 2025 BJP Poll manifesto)
• দিদির লক্ষ্মীর ভাণ্ডারকে অনুসরণ করে বিজেপি অঙ্গীকার করেছে দিল্লির মহিলাদের জন্য মহিলা সম্মান নিধি প্রকল্পের আওতায় মাসিক ২৫০০ টাকা ভাতা এবং দরিদ্র মহিলাদের জন্য গ্যাস সিলিন্ডার পিছু ৫০০ টাকা ভরতুকি দেওয়া হবে।
• প্রতি হোলি ও দীপাবলিতে বিনামূল্যে একটি করে সিলিন্ডার দেওয়া হবে।
• গর্ভবতী মহিলাদের জন্য ছয়টি পুষ্টিকর কিট ও ২১০০০ টাকা দেবে সরকার।
স্বাস্থ্য ও শিক্ষা:
• আয়ুষ্মান ভারত যোজনা চালু করে অতিরিক্ত ৫০,০০০ টাকা স্বাস্থ্য বিমা দেওয়া হবে।
• প্রবীণদের পেনশন ২,০০০-৩,০০০ টাকা পর্যন্ত বাড়ানো হবে।
• দরিদ্র ছাত্রদের শিশুশিক্ষা থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা হবে।
• প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এককালীন ১৫,০০০ টাকা অনুদান এবং পরীক্ষার আবেদন ও যাতায়াত খরচ ফেরত দেওয়া হবে।
• তফসিলি জাতির ছাত্রদের জন্য অম্বেডকর ভাতা প্রকল্প চালু করা হবে, যেখানে প্রতি মাসে ₹১,০০০ অনুদান মিলবে।
কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা:
• ৫০,০০০ সরকারি চাকরি তৈরি এবং ২০ লক্ষ মানুষের স্বনির্ভর হওয়ার সুযোগ।
• গৃহকর্মী ও অটো-ট্যাক্সি চালকদের জন্য ১০ লক্ষ টাকার জীবনবিমা ও ৫ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা।
• গিগ কর্মীদের জন্য ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা ও ৫ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা, সঙ্গে তাদের সন্তানদের সুবিধা।
পরিকাঠামো ও নগরোন্নয়ন:
• দিল্লির ১৩,০০০টি সিল করা দোকান ছয় মাসের মধ্যে বৈধ করা হবে।
• ১৩,০০০ বাসকে ই-বাসে রূপান্তরিত করা হবে।
• দিল্লির যমুনা নদী তিন বছরের মধ্যে পরিষ্কার করা হবে এবং আমদাবাদের সবরমতী রিভারফ্রন্টের আদলে যমুনার সৌন্দর্যায়ন করা হবে।
• ১,৭০০টি অননুমোদিত কলোনির বাসিন্দাদের জমির মালিকানা দেওয়া হবে, যাতে তাঁরা কেনাবেচা ও নির্মাণ করতে পারেন।
• ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং পুরোপুরি বন্ধ করা হবে।
খাদ্য ও জীবনযাত্রা:
• অটল ক্যান্টিন প্রকল্প চালু হবে, যেখানে বস্তিবাসীরা মাত্র ৫ টাকায় খাবার পাবেন।
• এছাড়া, দিল্লির পাকিস্তানি শরণার্থীদের লিজ নেওয়া সম্পত্তির মালিকানা দেওয়ার প্রতিশ্রুতিও বিজেপি দিয়েছে।