সরকারি সূত্রে জানা গিয়েছে, বুরারি, ময়ূর বিহার এবং করোল বাগ এলাকায় কাজ হয়েছে। আবহাওয়ার পরিবেশ ঠিকঠাক থাকলে সন্ধ্যার দিকে আরেক দফায় কৃত্রিম মেঘসঞ্চার করা হবে।

আটটি স্তরে মেঘসঞ্চারের সামগ্রী বাতাসে ছেড়েছে. যার একেকটি ওজন দুই থেকে আড়াই কেজি।
শেষ আপডেট: 28 October 2025 17:07
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে দেওয়ালি ও ছট পরবর্তী বায়ুদূষণ ঠেকাতে এই প্রথমবারের জন্য কৃত্রিম মেঘসঞ্চার করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে রাজধানীতে হতে পারে কৃত্রিম বৃষ্টিপাত। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, আবহাওয়া অনুকূল থাকলে ২৮ অক্টোবর বা ২৯ অক্টোবর এই চেষ্টা চালানো হবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, বুরারি, ময়ূর বিহার এবং করোল বাগ এলাকায় কাজ হয়েছে। আবহাওয়ার পরিবেশ ঠিকঠাক থাকলে সন্ধ্যার দিকে আরেক দফায় কৃত্রিম মেঘসঞ্চার করা হবে।
দিল্লিতে এই প্রচেষ্টা একেবারে প্রথমবারের জন্য হচ্ছে। বিশেষ বিমানে করে সিলভার আয়োডাইড ও সল্ট বেসড কম্পাউন্ড বাতাসে ভাসিয়ে দেওয়া হয়েছে। দিল্লির পরিবেশ মন্ত্রী মজিন্দর সিং জানান, কানপুর আইআইটি থেকে সেসনা বিমান মিরাটের দিক থেকে এসে আটটি স্তরে মেঘসঞ্চারের সামগ্রী বাতাসে ছেড়েছে. যার একেকটি ওজন দুই থেকে আড়াই কেজি। এর মধ্যে থাকছে ১৫-২০ শতাংশ জলীয় বাষ্প।
দিল্লির ফি-বছরের বায়ুদূষণের দুর্ভোগ শুরু হয়ে গিয়েছে দেওয়ালি থেকেই। অতি খারাপ থেকে খারাপ স্তরে উঠেছে দূষণের সূচক। বায়ুদূষণের মাত্রা কমাতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ করা হবে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন, দিল্লি ও এনসিআর এলাকায় কৃত্রিম মেঘ তৈরি করে বৃষ্টি নামানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কৃত্রিম মেঘসঞ্চারের সম্ভাবনা রয়েছে সন্ধ্যাতেও। ২৮-৩০ অক্টোবর দিল্লির বায়ুদূষণ ঠেকাতে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হতে পারে।
মুখ্যমন্ত্রী আরও বলেছেন, কৃত্রিম বৃষ্টিপাতের ঘটনা কেবলমাত্র প্রযুক্তিগত দিক থেকে ঐতিহাসিকই নয়, দিল্লির দূষণ ঠেকাতে একটি বৈজ্ঞানিক রূপরেখা প্রতিষ্ঠার সূচনাও বটে। সরকারের লক্ষ্য দেশের রাজধানীর বাতাস পরিচ্ছন্ন রাখা। একইসঙ্গে আমরা চাই উদ্ভাবনার মধ্য দিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে।
দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সূচক অনুযায়ী ০-৫০ পর্যন্ত হল ‘উত্তম’। ৫১-১০০ হল ‘সন্তোষজনক’। ১০১-২০০ পর্যন্ত সূচককে ‘মধ্যম’। ২০১-৩০০-র মধ্যে থাকলে তা ‘মন্দ’। ৩০১-৪০০ হচ্ছে ‘অতি মন্দ’ এবং ৪০১-৫০০ হল ‘বিপজ্জনক’ স্তরের দূষণমাত্রা। সেপ্টেম্বর মাসে দিল্লি সরকার আইআইটি কানপুরের সঙ্গে একটি মউ স্বাক্ষর করেছিল পাঁচটি কৃত্রিম মেঘসঞ্চারের বিষয়ে। আইআইটি কানপুরেরই অধীনে মিরাটে একটি বিশেষ বিমান রয়েছে। যাতে কৃত্রিম মেঘসঞ্চারের যাবতীয় সামগ্রী ভরা রয়েছে পরীক্ষামূলক কাজের জন্য।
সেই হিসেবে আগামী ২৯ অক্টোবর সম্ভাব্য উপযুক্ত আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। আগামী ২৮ থেকে ৩০ অক্টোবর দিল্লির আকাশে মেঘ তৈরির পূর্বাভাস থাকায় ওই দিনই কৃত্রিম মেঘসঞ্চারের আদর্শ-অনুকূল পরিবেশ মিলবে বলে আবহাওয়াবিদদের আশা।