
শেষ আপডেট: 22 March 2024 15:10
দ্য ওয়াল ব্যুরো: আবগারি নীতি মামলায় ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পর তাঁর দল আম আদমি পার্টি এখন ঘোরতর সংকটে। প্রশ্ন উঠছে, সরকার ও দল পরিচালনায় নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কেজরিওয়ালের স্থলাভিষিক্ত হবেন কে? যদিও কেজরিওয়াল জানিয়েছেন, জেলে বসেই দলীয় প্রধান ও মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাবেন তিনি। তবে কেজরিওয়ালের সম্ভাব্য বদলি হিসেবে তিনজনের নাম আলোচনায় উঠে এসেছে-- তাঁরা হলেন অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল, মন্ত্রিসভার সদস্য অতীশী মারলেনা ও সৌরভ ভরদ্বাজ।
তবে যে নামটা সবচেয়ে বেশি চর্চায় রয়েছে তা হল সুনীতা কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার রাতে গ্রেফতার হওয়ার পরেই আজ শুক্রবার সকালে তাঁর সুনীতাকে ফোন করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুনীতার পাশে থাকার বার্তাও দিয়েছেন মমতা।
এখন বহু মানুষেরই কৌতুহল কে এই সুনীতা, তিনি কী করেন। জেনে নেওয়া যাক।
কে সুনীতা কেজরিওয়াল? কী করেন তিনি?
সুনীতা এখন সংসার ও সন্তানদের সামলাতেই ব্যস্ত। বর্তমানে তিনি গৃহবধূ, কিন্তু ভারতীয় রাজস্ব বিভাগের উচ্চপদে ছিলেন। সুনীতা একজন আইআরএস অফিসার (ইন্ডিয়ান রেভেনিউ সার্ভিস)।
আয়কর দফতরে ২২ বছর কাজ করেছেন। তারপর স্বেচ্ছা অবসর নেন। অবসরের আগে তাঁর পোস্টিং ছিল দিল্লির ইনকাম ট্যাক্স অ্যাপিলেট ট্রাইবুনালে। সেখানে কমিশনার হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি।
জু'লজি নিয়ে মাস্টার্স করেছেন সুনীতা। ১৯৯৩ ব্যাচের আইআরএস অফিসার ছিলেন তিনি। প্রশিক্ষণ পর্ব চলার সময়েই অরবিন্দর সঙ্গে তাঁর আলাপ। অরবিন্দ কেজরিওয়াল ১৯৯৫ ব্যাচের আইআরএস অফিসার। দু’জনের বন্ধুত্ব প্রেম অবধি গড়াতে দেরি হয়নি। দুজনেই সিদ্ধান্ত নেন বিয়ে করবেন। শুরু হয় একসঙ্গে পথ চলা।
সুনীতা-অরবিন্দর এক ছেলে ও এক মেয়ে। মেয়ে হর্ষিকা বাবারই মতো আইআইটি দিল্লিতে পড়াশোনা করছে। ২০১৪ সালের জয়েন্ট-এন্ট্রান্সে ৩,৩২২ ব়্যাঙ্ক করেন হর্ষিকা। তিনি পড়াশোনাতেও তুখোড়। ছেলে পুলকিতও মেধাবী। সিবিএসই দ্বাদশের বোর্ড পরীক্ষায় ৯৬ শতাংশ নম্বর পেয়ে তিনিও দিল্লি আইআইটিতে পড়াশোনা শুরু করেন।
সুনীতা কেজরিওয়াল চাকরি ও সংসার দুইই দায়িত্ব নিয়ে সামলেছেন। আয়কর দফতরের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন যেমন, তেমনই একজন স্ত্রী ও মা হয়ে সংসারের দায়িত্ব সামলেছেন একাই। পরিবারকে আরও বেশি সময় দেওয়ার জন্যই রাজস্ব বিভাগের উচ্চপদও ছেড়ে দেন সুনীতা। এখন তিনি পুরোদস্তুর গৃহবধূ।