
রাষ্ট্রপতি ভবন প্রায় অদৃশ্য।
শেষ আপডেট: 15 November 2024 17:42
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির প্রবল দূষণে প্রাথমিক স্কুল অনলাইনে চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল বৃহস্পতিতেই। শুক্রবার অফিস টাইমেও বদল আনল দিল্লি সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী এদিন সরকারি অফিসের পরিবর্তিত সময়সূচি ঘোষণা করলেন। শহরের খারাপ থেকে খারাপ হতে চলা দূষণ পরিস্থিতির জেরে নাকাল দিল্লির আম আদমি পার্টির। ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে অরবিন্দ কেজরিওয়ালের পার্টি।
এসব কিছুর পরিপ্রেক্ষিতে শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী সরকারি অফিসের সময় বদলের ঘোষণা করেন। মূলত একই সময়ে রাজধানীর ট্রাফিক দূষণ এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে, দিল্লি পুরসভা চলবে সাড়ে ৮টা থেকে ৫টা পর্যন্ত। কেন্দ্রীয় সরকার অফিস খুলবে ৯টায়। চলবে সাড়ে ৫টা পর্যন্ত। দিল্লি সরকারি দফতরগুলি ১০টা শুরু হয়ে চলবে সাড়ে ৬টা পর্যন্ত।
দিল্লির দূষণ যখন মারাত্মক আকার নিয়েছে, তখন আজারবাইজানের বাকুতে চলা জলবায়ু পরিবর্তন সম্পর্কিত রাষ্ট্রসঙ্ঘের সম্মেলনেও উঠে এল সেই প্রসঙ্গ। সিওপি২৯ অথবা কপ২৯-এর বৈঠকে ভারতকে দূষণকে রোধে পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। স্বল্পস্থায়ী দূষণ কমানোর ব্যাপারে ভারতকে অনুরোধ করেছে বিশ্বের পরিবেশবিদরা। এই দূষণের মধ্যে রয়েছে প্রধানত মিথেন, ব্ল্যাক কার্বন, ভূমিস্তরের ওজোন এবং হাইড্রোফ্লুয়োরোকার্বন। যা মূলত ফসলের গোড়া পোড়ানোর ফলে বাতাসে মেশে।
এদিকে, শুক্রবারেও দিল্লির দূষণের মাত্রা টানা তিনদিন ধরে 'মারাত্মক' আকারে রইল। এদিন সকালে ফের একবার ধোঁয়া ও কুয়াশায় ভরা ভারী বাতাসে ভরে যায় দিল্লিসহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ। ইতিমধ্যেই এদিন সকাল ৮টা থেকে দিল্লিতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান চালু হয়ে গিয়েছে। যার ফলে সকাল থেকেই দিল্লি ও এনসিআর এলাকায় সমস্ত নির্মাণকাজ ও নির্মাণ ভাঙার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত স্টেজ থ্রি পেট্রল এবং বিএস স্টেজ ফোর ডিজেল গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা চালু হয়েছে।
পরিবেশবিদদের অনুমান, বাতাসের এই দূষণ আগামী ১৭ নভেম্বর পর্যন্ত চলবে। তারপরেও খারাপ স্তরে থাকার মেয়াদ চলবে আরও সাতদিন ধরে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বিমান সংস্থাগুলিকে ক্যাট টু ও থ্রি দৃশ্যমানতায় উড়ান চালাতে সক্ষম পাইলটদের নিয়োগ করতে। বিশেষত, দিল্লি, লখনউ, জয়পুর এবং অমৃতসর বিমানবন্দরের ক্ষেত্রে নজর রাখতে বলা হয়েছে। শুক্রবার দিল্লির গড় দূষণের সূচক ছিল ৪০৯। গত বৃহস্পতিবারের তুলনায় যা সামান্য বেশি।