তান্ত্রিক ও তাঁর সহযোগীকে জেরা করার পাশাপাশি, মৃতদের যাতায়াতের পুরো রুট জুড়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

শেষ আপডেট: 10 February 2026 19:10
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির পীরাগড়ি ফ্লাইওভারে রবিবার একটি গাড়ির ভিতর থেকে তিন জনের দেহ উদ্ধারের ঘটনায় নতুন করে উঠে এল ‘তান্ত্রিক’ যোগ (Delhi car deaths tantric angle)। তদন্তে নেমে দিল্লি পুলিশ (Delhi Police) এক তান্ত্রিক এবং তাঁর এক সহযোগীকে জেরা করছে। পুলিশের দাবি, মৃত তিন জন ঘটনার দিন সকালেই পীরাগড়িতে ওই ‘বাবা’র সঙ্গে দেখা করেছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতেরা রণধীর (৭৬), নরেশ সিংহ (৪৭) এবং লক্ষ্মী দেবী (৪০) - সকাল ১০টা ৩০ নাগাদ পীরাগড়িতে ওই তান্ত্রিকের সঙ্গে দেখা করেন। তারপর রিং রোড ধরে উত্তর-পূর্ব দিল্লির দিকে যান। বিকেল প্রায় ৩টে নাগাদ আবার একই এলাকায় ফিরে আসেন।
তদন্তে আরও জানা গিয়েছে, তিন জন একে অপরকে দীর্ঘদিন ধরে চিনতেন। রণধীর ও শিব নরেশ সম্পত্তির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। লক্ষ্মী বৃদ্ধদের পরিচর্যার কাজ করতেন। তিন জনের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল বলেও জানিয়েছে পুলিশ।
দেহগুলির কাছে তিনটি মদের বোতল এবং ব্যবহার করা ডিসপোজেবল গ্লাস পাওয়া গেছে। শিব নরেশ ও লক্ষ্মীর মুখে বমির চিহ্নও ছিল। সেই গ্লাসগুলিতেও বমির দাগ পাওয়া যায়।
পুলিশের তদন্তে উঠে এসেছে, লক্ষ্মীর আগে একবার বিয়ে হয়েছিল। তাঁর প্রাক্তন স্বামী বিহারে থাকেন। বর্তমানে তিনি দিল্লিতে তাঁর বর্তমান স্বামীর সঙ্গে থাকতেন।
তিন জনের প্রোফাইল খতিয়ে দেখে আপাতত সন্দেহজনক কিছু পায়নি পুলিশ। দেহে কোনও বাহ্যিক আঘাতের চিহ্নও নেই।
রণধীর ও শিব নরেশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। লক্ষ্মীর ময়নাতদন্ত বাকি। তিন জনেরই ভিসেরা সংরক্ষণ করা হবে, শরীরে কোনও রাসায়নিক পদার্থের উপস্থিতি আছে কি না, তা পরীক্ষা করতে।
তান্ত্রিক ও তাঁর সহযোগীকে জেরা করার পাশাপাশি, মৃতদের যাতায়াতের পুরো রুট জুড়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
এর আগে সূত্রের খবর, ঘটনাস্থলে চুরি, ছিনতাই বা ধস্তাধস্তির কোনও চিহ্ন না থাকায় বিষক্রিয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।