কেউ লিখেছেন, “এই কারণেই সবসময় টিপস দিই। জানি না, খাবার পৌঁছে দিতে গিয়ে কে কেমন সংগ্রাম করছে।”

ভাইরাল ভিডিওর অংশ বিশেষ।
শেষ আপডেট: 28 September 2025 09:09
দ্য ওয়াল ব্যুরো: তিনি বিশেষভাবে সক্ষম—কান শোনেন না, কথা বলতে পারেন না। তবু নিজের কাজ থেমে থাকেনি। বরং গ্রাহকের কাছে পৌঁছে দেন এক হৃদয়স্পর্শী বার্তা। আর সেই বার্তাই মুহূর্তে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, আবেগে ভাসাচ্ছে নেটাগরিকদের।
সম্প্রতি ‘জোমাটো’র এক গ্রাহক স্টুটি নামের এক মহিলা সামাজিক মাধ্যম X (পূর্বতন টুইটার)-এ একটি স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে দেখা যায়, ডেলিভারি বয়ের মেসেজ—
“আমি অর্ডার তুলে নিয়েছি। খুব শিগগির পৌঁছে দেব। হ্যালো, আমি কথা বলতে পারি না। শুনতেও পাই না। আমি মেসেজ করব, দয়া করে দেখে নেবেন।”
এই ছোট্ট অথচ ভরসা জাগানো মেসেজই মুহূর্তে মন ছুঁয়ে যায় নেটিজেনদের। ক্যাপশনে স্টুটি লেখেন, “পরিবারের জন্য পুরুষেরা কী না করে!”
এরপর থেকেই ভাইরাল সেই পোস্ট। ইতিমধ্যেই ৯ লক্ষেরও বেশি ভিউ হয়েছে। একাধিক ব্যবহারকারী প্রশংসা ঝরিয়েছেন ওই ডেলিভারি বয়ের প্রতি।
কেউ লিখেছেন, “এই কারণেই সবসময় টিপস দিই। জানি না, খাবার পৌঁছে দিতে গিয়ে কে কেমন সংগ্রাম করছে।”
আবার আরেকজন মন্তব্য করেছেন, “সামান্য জল দিলেও বা দু’টো কথা বললেও ওঁরা খুশি হন। আমাদেরই উচিত একটু সহযোগিতা করা।”
কেউ লিখেছেন, “অসুবিধা থাকা সত্ত্বেও অজুহাত না দিয়ে বরং চেষ্টা করছে নিজের জীবন গড়ে তুলতে। এটাই সবচেয়ে বড় প্রেরণা।”
অন্য এক নেটাগরিক নিজের অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছেন, “গত সপ্তাহে এক ডেলিভারি বয় খাবার দিতে এসেছিলেন, তাঁর পা কাটা ছিল, ভরসা ছিল কেবল একটি ক্রাচে। এত বড় হাউজিং সোসাইটিতে তিনি হেঁটে আসতে কষ্ট করেছেন। বরং যদি অ্যাপে এমন তথ্য থাকত, আমরা আগে থেকেই নিচে গিয়ে খাবার নিতে পারতাম। এভাবে ওদের সাহায্য করা সম্ভব।”
এর আগেও বহুবার প্রতিবন্ধকতা জয় করে খাবার পৌঁছে দিয়েছেন ‘জোমাটো’র ডেলিভারি বয়েরা। এ বছর জুন মাসেও এক কর্মী গ্রাহককে জানিয়েছিলেন তিনি শারীরিকভাবে অক্ষম, উপরে উঠে খাবার পৌঁছে দিতে পারবেন না। সেই ঘটনাও ভাইরাল হয়েছিল।