
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শেষ আপডেট: 25 August 2024 16:38
দ্য ওয়াল ব্যুরো: 'মহিলাদের নিরাপত্তা জরুরি, তাঁদের উপর কোনও অত্যাচার মেনে নেওয়া যায় না'-- মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৯ অগস্ট কলকাতায় আরজি কর হাসপাতালে নশংস ধর্ষণ-খুনের ঘটনার পরে, ১৫ অগস্ট, স্বাধীনতা দিবসের দিনে লালকেল্লার ভাষণে দেশে ‘মা-বোনেদের’ উপর অত্যাচার নিয়ে উদ্বেগপ্রকাশ করেছিলেন মোদী। আজ, রবিবার মহারাষ্ট্রের জলগাঁওতে ‘লাখপতি দিদি সম্মেলনে’ ফের একই বিষয় নিয়ে সরব হলেন তিনি।
এদিন মোদী বলেন, 'মহিলাদের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।' তার পরেই রাজ্য সরকারগুলির উদ্দেশে প্রধানমন্ত্রী বার্তা দেন, 'মহিলাদের উপর অত্যাচার মেনে নেওয়া যায় না।'
আরজি কর কাণ্ড নিয়ে সারা দেশ যখন উত্তাল, নারীদের সুরক্ষার দাবিতে যখন বিক্ষোভ-প্রতিবাদ চলছে নানা প্রান্তে, তখনই নারীসুরক্ষা নিয়ে সওয়াল করলেন মোদী। এই সময়ে তাঁর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। যদিও প্রধানমন্ত্রী কোনও ঘটনার কথা উল্লেখ করেননি তাঁর বক্তব্য।
রবিবার জলগাঁওয়ের ওই সভা থেকে মোদী বলেন, 'আমি প্রতিটি রাজ্য সরকারকে আবারও বলতে চাই. মেয়েদের উপর অপরাধ মেনে নেওয়া যায় না। কে অপরাধী, সেটা বড় বিষয় নয়। কিন্তু তারা যেন ছাড় না পায়।' এই বার্তার পাশাপাশি মোদী জানান, মহিলাদের উপর যারা অত্যাচার করছে, তাদের শাস্তি নিশ্চিত করার জন্য আইন আরও কঠোর করছে কেন্দ্র।
প্রসঙ্গত, দু'দিন আগেই ধর্ষণ রুখতে কড়া আইন আনার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ১৫ দিনের মধ্যে যাতে দোষীর বিচার প্রক্রিয়া শেষ করে শাস্তি নিশ্চিত করা যায়, সে কথাও লেখেন মমতা। তার পরেই কঠোরতর আইনের কথা বললেন মোদী নিজেও।