তিনি জানান, সরকার গরুকে অবহেলা করলে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে এসে সংসদ চত্বরেই এনে দাঁড় করানো হবে।

শঙ্করাচার্য
শেষ আপডেট: 4 August 2025 16:12
দ্য ওয়াল ব্যুরো: নতুন সংসদ ভবনের উদ্বোধনের (Central Vista Inauguration) সময় সেখানে ‘গরু’র (Cow) প্রবেশ ঘটেনি কেন, প্রশ্ন তুললেন শঙ্করাচার্য অবিমুক্তেশ্বরানন্দ (Shankaracharya)! তাঁর মতে, যদি সংসদে গরুর মূর্তি প্রবেশ করতে পারে, তাহলে জীবন্ত গরুর প্রবেশে আপত্তি কোথায়?
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে শঙ্করাচার্য বলেন, ‘‘প্রধানমন্ত্রী যখন নতুন সংসদ ভবনে সেঙ্গল নিয়ে প্রবেশ করেছিলেন, সেই রাজদণ্ডেই গরুর ছবি খোদাই করা রয়েছে। তাহলে একটিও জীবন্ত গরুকে কেন নেওয়া হল না সংসদে আশীর্বাদের জন্য?’’ তিনি জানান, সরকার গরুকে অবহেলা করলে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে এসে সংসদ চত্বরেই এনে দাঁড় করানো হবে।
এই দাবি করার পরই তিনি আরও একাধিক প্রস্তাব দিয়েছেন।
‘রাষ্ট্রমাতা’ হোক গরু: হোশঙ্গাবাদের বিজেপি সাংসদ দর্শন সিংহ চৌধুরী গরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণার দাবি তুলেছেন। শঙ্করাচার্য জানান, ধর্ম সংসদ এই প্রস্তাবে সমর্থন জানিয়েছে। গরু রক্ষায় যাঁরা এগিয়ে আসবেন, ভোটে তাঁদেরই সমর্থন করা উচিত বলেও মন্তব্য তাঁর।
প্রতি বিধানসভা কেন্দ্রে গোশালা: দেশজুড়ে ৪ হাজার ১২৩টি বিধানসভা কেন্দ্রে ‘রামধাম’ গড়ে তোলার দাবি তুলেছেন তিনি, যেখানে ১০০টি করে গরুর সেবা-রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকবে। দেশীয় প্রজাতির গরুর উন্নয়ন ও সংরক্ষণের লক্ষ্যে এই পরিকল্পনা বলেও জানান তিনি।
গরুর সেবায় আর্থিক পুরষ্কার: কেউ যদি ১০০টি গরুর দায়িত্ব নিয়ে সেবার কাজ করেন, তাহলে তাঁর জন্য মাসিক ২ লক্ষ টাকা ভাতার দাবি জানিয়েছেন শঙ্করাচার্য।
গরু সংবর্ধনার প্রোটোকল তৈরি: গরুকে কীভাবে সম্মান জানানো হবে, সেই নিয়ে এখনও কোনও সরকারি প্রোটোকল না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন শঙ্করাচার্য। তাঁর দাবি, অবিলম্বে নির্দিষ্ট নিয়ম চালু হোক, যার অমান্য করলে জরিমানার ব্যবস্থাও থাকবে।
শেষে বর্তমান সরকারের উদ্দেশে তাঁর কটাক্ষ, ‘‘যে সরকার গরুদের হত্যা বন্ধ করতে পারে না, তারা আমাদের ভাই নয়। যাঁরা গরুর পক্ষে কাজ করবেন, তাঁদেরই আমরা সমর্থন করব।'' তাঁর সংযোজন, গরু দুধ দেয়, অথচ তার হত্যাই হচ্ছে! আর সরকার উদযাপন করছে ‘অমৃতকাল’। এ প্রহসন ছাড়া কিছু নয়।