
আপ বিধায়ক আমানতুল্লা খান ও ছেলে আনস খান
শেষ আপডেট: 24 January 2025 18:36
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির রাস্তায় বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন দুই যুবক। তাও আবার মাঝ রাতে, ভুল লেনে। সেখানেই আবার টহল দিচ্ছিলেন কয়েক জন পুলিশকর্মী। যেই না খপ করে ধরেছেন, ওমনি তাঁদের মধ্যে থেকে একজন বলে ওঠেন, 'আমার বাবা কে জানেন?'
ঘটনা এই অবধি হতে পারত, কিন্তু হয়নি। যেই না পুলিশ জরিমানা করতে গেলেন ওমনি ফোন ধরিয়ে দেন যুবক। তাতেও কোনও লাভ হল না। দীর্ঘ বচসার পর আপ বিধায়ক আমানতুল্লা খানের ছেলে আনস খানের বাইক বাজেয়াপ্ত করে দিল্লি পুলিশ।
এই প্রথম নয়, পুলিশ জানিয়েছে আগেও আপ বিধায়কের পুত্রের বিরুদ্ধে থানায় এফআইআর রুজু হয়েছে। দিল্লির জামিয়া নগর এলাকায় রাতে টহল দিচ্ছিলেন পুলিশকর্মীরা। তখনই রাস্তার ভুল লেনে ঢুকে একবার এদিক, একবার ওদিক করে বাইক ছোটাচ্ছিলেন তাঁরা।
পুলিশ প্রাথমিক ভাবে বাইকটি আটকে চালকের লাইসেন্স দেখতে চান। তখনই তিনি জানান, তাঁর বাবা আপ বিধায়ক আমানতুল্লা। ওই যুবক লাইসেন্স দেখাতেও অস্বীকার করেন বলে অভিযোগ।
শুধু তাই নয়, পাশাপাশি পুলিশকর্মীদের যা তা কথাও বলেন। তারপর বাবার পরিচয় দিয়ে সরাসরি ফোন ধরিয়ে দেন। ওপার থেকে তখন আপ বিধায়ক নাকি চটে গিয়ে বলেন , 'আমাকেও গ্রেফতার করুন।'