.webp)
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।
শেষ আপডেট: 18 June 2024 17:27
দ্য ওয়াল ব্যুরো: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে মঙ্গলবার নরেন্দ্র মোদী সরকারকে সাতটি প্রশ্ন ছুড়লেন। এই দুর্ঘটনাকে 'অপরাধমূলক গাফিলতি' বলে উল্লেখ করেছেন তিনি। ভারতীয় রেল কর্তৃপক্ষের আধিকারিকদের ব্যবস্থাপনার ত্রুটিকে কাঠগড়ায় তুলেছেন কংগ্রেস সভাপতি।
খাড়্গের প্রশ্ন, বালেশ্বরের দুর্ঘটনার পরেও ট্রেন সংঘর্ষ রোধী কবচ প্রযুক্তি এক কিমি লাইনেও বসানো হয়নি। গত এক দশক ধরে কেন রেলে ৩ লক্ষ শূন্যপদ পড়ে রয়েছে। এনসিআরবি রিপোর্টের কথা উল্লেখ করে কংগ্রেস সভাপতি বলেন, ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এক লক্ষ মানুষের মৃত্যু হয়েছে রেল দুর্ঘটনায়।
এক্সবার্তায় মোদী সরকারের কাছে খাড়্গের জিজ্ঞাসা, রেলওয়ে বোর্ড স্বীকার করেছে ভয়ঙ্করতম কর্মী সংকোচনের কথা। যার ফলে ট্রেনের চালকের সংখ্যা দিনদিন কমে এসেছে। এই কারণে অতিরিক্ত ডিউটি করতে হয় তাঁদের এবং দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধিও এর অন্যতম কারণ। তাহলে কেন এইসব পদে এতদিন ধরে লোক নিয়োগ করা হয়নি?
যাত্রী সুরক্ষার জন্য গঠিত কমিশন অফ রেলওয়ে সেফটি রেলওয়ে বোর্ডকে বেশ কিছু সুপারিশ করেছিল। যা কার্যকরে বোর্ড গাফিলতি করেছে। একথা সংসদীয় স্ট্যান্ডিং কমিটির রিপোর্টেও সমালোচিত হয়েছে। তাহলে কেন রেল সুরক্ষা কমিশনকে এতদিনে শক্তিশালী করা হল না, প্রশ্ন খাড়্গের।
রাজ্যসভার বিরোধী দলনেতা খাড়্গে প্রশ্ন তোলেন, রাষ্ট্রীয় রেলসুরক্ষা কোষের তহবিল বন্ধ করা হল কেন? এই টাকা অন্য খাতে খরচ হয়ে যাচ্ছে। রেলের অফিসাররা অপ্রয়োজনীয় খাতে এবং বিলাসবহুল সুবিধাভোগে এই টাকা অপচয় করছেন কেন? তিনি আরও অভিযোগ করে বলেন, স্লিপার ক্লাসের ভাড়া উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে, স্লিপার কোচের সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে একটি কামরায় এত ভিড় বাড়ছে। টিকিট বাতিল করা হচ্ছে। রেলমন্ত্রী সম্প্রতি বলেছেন, অতিরিক্ত যাত্রীদের নামাতে পুলিশ ব্যবহার করা হবে। কিন্তু, উনি কি জানেন গতবছর ২.৭০ কোটি মানুষ স্লিপার কোচে জায়গা না পেয়ে টিকিট বাতিল করেছিলেন। এটাই কি মোদী সরকারের নীতি?
তিনি আরও বলেন, যখনই কোনও ট্রেন দুর্ঘটনা হয়, তখন মোদীর রেলমন্ত্রী সেখানে পৌঁছে যান। কারণ ক্যামেরা তাঁর আগে আগে যায়। দুর্ঘটনাস্থলে গিয়েই ভাবখানা এমন করেন যে, সবকিছু ভালো আছে। কিন্তু, নরেন্দ্র মোদীজি আপনি বলুন এই দুর্ঘটনার জন্য আপনি না আপনার রেলমন্ত্রী কে দায়ী?