সংসদের বাইরে প্রথামাফিক অধিবেশন শুরুর মুখে প্রধানমন্ত্রী সোমবার সকালে বলেছিলেন, আপনাদের ভোটে হারার হতাশার বাষ্প ছাড়ার জায়গা নয় অধিবেশন।

প্রিয়ঙ্কা গান্ধী বঢরা বলেন, ভোটার তালিকার বিশেষ সংশোধের কিংবা দিল্লির বায়ুদূষণের মতো গুরুত্বপূর্ণ সমস্যার ইস্যুতে আওয়াজ তোলা কোনও নৌটঙ্কি নয়।
শেষ আপডেট: 1 December 2025 14:44
দ্য ওয়াল ব্যুরো: সংসদের শীত অধিবেশনের শুরুতেই বিরোধীদের ‘নৌটঙ্কি’ বন্ধ করার কথা বলে কংগ্রেসের বিষোদ্গারের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদের বাইরে প্রথামাফিক অধিবেশন শুরুর মুখে প্রধানমন্ত্রী সোমবার সকালে বলেছিলেন, আপনাদের ভোটে হারার হতাশার বাষ্প ছাড়ার জায়গা নয় অধিবেশন। ‘নৌটঙ্কি’ না করে সভার কাজ চলতে দিন।
এর জবাবে কংগ্রেসের লোকসভা সদস্য প্রিয়ঙ্কা গান্ধী বঢরা বলেন, ভোটার তালিকার বিশেষ সংশোধের কিংবা দিল্লির বায়ুদূষণের মতো গুরুত্বপূর্ণ সমস্যার ইস্যুতে আওয়াজ তোলা কোনও নৌটঙ্কি নয়। দলের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা বলেন, নির্বাচনের পরিস্থিতি, দূষণ হল এই মুহূর্তের বিরাট ইস্যু। আমরা সেই বিষয়েই আলোচনা চাই। সংসদ রয়েছে তাহলে কীসের জন্য? এটা মোটেও নাটক নয়। মানুষের সমস্যা নিয়ে গণতান্ত্রিক আলোচনাকে নাটক বলে না।
কংগ্রেস প্রধানমন্ত্রী মোদীকে ‘সব থেকে বড় ড্রামাবাজ’ বলে আক্রমণ করেছে। এক্সবার্তায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে জবাব দিয়ে বলেন, মানুষের সমস্যার কথা বাদ দিয়ে প্রধানমন্ত্রী মোদী আবার ড্রামেবাজি কথাবার্তা শুরু করে দিয়েছেন। এই সরকার গত ১১ বছর ধরে সংসদীয় রীতিনীতির ধার ধারছে না। বিজেপির উচিত এখনই এই নৌটঙ্কি বন্ধ করা এবং মানুষের সমস্যার কথা সংসদে তুলে ধরা।
খাড়্গে বলেন, সাধারণ মানুষ বেকারি, দ্রব্যমূল্য বৃদ্ধি, আর্থিক বৈষম্য এবং দেশের দুর্মূল্য খনিজ লুটের সমস্যায় জর্জরিত। অন্যদিকে কেন্দ্রে যারা ক্ষমতায় আছে তারা উদ্ধতভাবে ড্রামাবাজির খেলা খেলে যাচ্ছে। রাজ্যসভার এমপি জয়রাম রমেশ একইভাবে বলেছেন, ওদের সবথেকে বড় নৌটঙ্কি নাটকবাজির কথা বলেছেন। যদি সুষ্ঠুভাবে সংসদ না চলে তবে তার দায়িত্ব বর্তাবে প্রধানমন্ত্রীর উপর। কারণ তিনিই সংসদে মানুষের সমস্যার কথা তুলতে দিচ্ছেন না। প্রসঙ্গত, শীত অধিবেশনের প্রথম দিনই বিরোধীদের দফায় দফায় হট্টগোলে লোকসভা দুপুরের মধ্যেই এদিনের মতো মুলতুবি করে দেওয়া হয়। সভা বসবে আগামিকাল, মঙ্গলবার বেলা ১১টায়।