সঙ্ঘের শতবর্ষ উপলক্ষে ভারত সরকার বিশেষ ডাক টিকিট এবং কয়েন চালু করেছে। প্রধানমন্ত্রীর বক্তব্য এবং ভারত সরকারের এইসব সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আপত্তি তুলেছে বিরোধী দলগুলি।

শেষ আপডেট: 2 October 2025 08:33
দ্য ওয়াল ব্যুরো: শতবর্ষ উপলক্ষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘকে (RSS) প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বলেছেন এই সংগঠন স্বাধীনতার সেনানি গণতন্ত্রের রক্ষক।
সঙ্ঘের শতবর্ষ উপলক্ষে ভারত সরকার বিশেষ ডাক টিকিট এবং কয়েন চালু করেছে। প্রধানমন্ত্রীর বক্তব্য এবং ভারত সরকারের এইসব সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আপত্তি তুলেছে বিরোধী দলগুলি। তাদের বক্তব্য আরএসএস মোটেই স্বাধীনতার পক্ষে লড়াই করেনি। প্রধানমন্ত্রী ইতিহাসের বিকৃতি করছেন। আরএসএস ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করে ব্রিটিশের পাশে দাঁড়িয়ে ছিল।
বিরোধীরা আরও বলেছে এই সংগঠনের প্রধান কাজ হল হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করা। দুর্ভাগ্যের হল এই সংগঠনের একদা সংগঠকেরা এখন ভারত সরকারের পরিচালক।
প্রসঙ্গত প্রধানমন্ত্রী বুধবার দিল্লিতে এক অনুষ্ঠানে আরএসএসের শতবর্ষ উপলক্ষে বিশেষ ডাক টিকিট এবং কয়েন প্রকাশ করেন। এই প্রথম ভারতে ডাক টিকিট এবং কয়েনে ভারত মাতার ছবি স্থান পেয়েছে। বিরোধীরা এই সিদ্ধান্ত নিয়েও সরকারকে বিঁধেছে। তাদের বক্তব্য সরকার ভারত মাতার ছবি নিয়ে রাজনীতি করছে।
আরএসএসকে স্বাধীনতার পরে পরেই নিষিদ্ধ করেছিলেন দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেল। সেই প্রসঙ্গ টেনে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেছেন এমন সংগঠনকে নিয়ে কী করে ভারতের প্রধানমন্ত্রী সম্মান জানাতে পারেন।
সিপিএমের পলিটব্যুরো আরএসএসের শতবর্ষে স্মারক ডাকটিকিট প্রকাশের সিদ্ধান্তকে ভারতের সংবিধানের অপমান বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে সিপিএম বলেছে, ১৯৬৩ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ইউনিফর্ম পরিহিত আরএসএস স্বেচ্ছাসেবকদের দেখানো ডাক টিকিটটিও ইতিহাসের মিথ্যাচার।
আম আদমি পার্টিও আরএসএসকে মহিমান্বিত করার জন্য সরকারের সমালোচনাও করেছে। এক্সে একটি ভিডিও বার্তায়, আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বলেছেন: 'এখন আমরা শুনছি প্রধানমন্ত্রী স্মারক টিকিট জারি করছেন এবং আর এস এস এর ইতিহাসকে একাডেমিক সিলেবাসে অন্তর্ভুক্ত করা হচ্ছে। অনুমান করতে অসুবিধা হয় না যে সেই ইতিহাসে শুধু সঙ্ঘের প্রশংসা থাকবে। আর স্বাধীনতা আন্দোলনের সময় তাদের বিশ্বাসঘাতকতাকে আড়াল করা হবে।