
শেষ আপডেট: 16 January 2024 14:10
দ্য ওয়াল ব্যুরো: ইডি, সিবিআই, এনআইএ, দেশের কেন্দ্রীয় এজেন্সির একাধিক আধিকারিক যাচ্ছেন ব্রিটেনে। ঘুরতে নয়। পলাতকদের দেশে ফেরানোর চেষ্টা করতে। নীরব মোদী, বিজয় মালিয়া 'ফেরার' দীর্ঘদিন। ঋণখেলাপি এই পলাতক ব্যবসায়ীদের দেশে ফিরিয়ে আনতেই কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা ব্রিটেন যাচ্ছেন বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর। জানা গেছে, এই তিন কেন্দ্রীয় এজেন্সির কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে তৈরি হওয়া একটি টিম ব্রিটেন পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে।
ব্যবসায়ী নীরব মোদী এবং বিজয় মালিয়ার পাশাপাশি অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারীকে দেশে ফেরানোর চেষ্টা হচ্ছে বলেও জানা গেছে। তাঁর বিরুদ্ধে ইউপিএ জমানায় অস্ত্র চুক্তির মধ্যস্থতা ইস্যুতে একাধিক মামলা দায়ের হয়েছিল। সূত্রের খবর, ব্রিটেন পুলিশ এবং প্রশাসনের সঙ্গে কথা বলে পলাতক এই তিনজনকে দেশে ফেরানোর চেষ্টা তো হবেই, একই সঙ্গে তাঁদের বিদেশে রাখা নামে-বেনামে কেনা সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানাবে ভারতীয় গোয়েন্দা দল।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বিপুল টাকা তছরুপের অভিযোগে অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদী। ব্যাঙ্কের ৬ হাজার কোটি টাকারও বেশি জালিয়াতি করে দেশ ছাড়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তারপর থেকেই তাঁকে দেশে ফেরানোর ব্যাপারে সচেষ্ট হয় ভারত। অন্যদিকে, ভারতের বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৯ হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালানোর অভিযোগে অভিযুক্ত শিল্পপতি বিজয় মালিয়া। ২০১৬ সালে দেশ ছেড়েছেন 'লিকার ব্যারন'।
অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারী আবার ২০১৬ সালে ইডি এবং আয়কর দফতরের তদন্ত শুরু হওয়ার পরেই দেশ ছাড়েন। তাঁর সঙ্গে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বাঢরার ঘনিষ্ঠতা ছিল বলেও দাবি করা হয়।