.jpeg)
ফাইল ছবি।
শেষ আপডেট: 14 April 2025 08:26
দ্য ওয়াল ব্যুরো: দ্রব্য মূল্য বৃদ্ধির জেরে বাজারে আগুন ছুটছে। এমন পরিস্থিতিতে মিড ডে মিলের (Mid-Day meal) বরাদ্দ বৃদ্ধির দাবি ছিলই। সেই দাবি মেনে পাঁচ মাসের মধ্যে ফের দ্বিতীয় বার এই খাতে বরাদ্দ বৃদ্ধি করল কেন্দ্র।
সংবাদসংস্থা সূত্রের খবর, ইতিমধ্যেই এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। প্রাথমিক মাথা পিছু ৫৯ পয়সা এবং এবং উচ্চপ্রাথমিকে ৮৮ পয়সা বৃদ্ধি করা হয়েছে। ১ মে থেকে নয়া নির্দেশ কার্যকর হবে।
তবে কেন্দ্র মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি করলেও., বৃদ্ধির 'পরিমাণ' নিয়ে খুশি নয় শিক্ষামহল। কারণ বরাদ্দ বৃদ্ধির পরিমাণ এতই কম যে তাতে পুষ্টিকর খাদ্য পাওয়া আদৌ সম্ভব নয় বলেই দাবি তাঁদের। এই বিষয়টিরই সমালোচনা হচ্ছে।
সংশ্লিষ্ট মহলের মতে, যেখানে বছরেরর আট মাস আলুর দাম কেজি প্রতি ২৫-৩০ টাকা থাকে (এখন অবশ্য ১৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে) সেখানে নামমাত্র বরাদ্দ বৃদ্ধি করে কী লাভ? স্কুল পড়ুয়াদের পুষ্টিকর খাদ্য বিতরণই ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য। কিন্তু নামমাত্র বরাদ্দ বৃদ্ধি করে আসলে প্রকল্পের মূল্য উদ্দেশ্য থেকে সরে যাওয়া হচ্ছে বলেও অভিযোগ সংশ্লিষ্ট মহলের।
এর আগে গত নভেম্বরে প্রাথমিকে মাথা পিছু ৭৪ পয়সা, উচ্চ প্রাথমিকে ১ টাকা ১২ পয়সা করে বাড়িয়েছিল কেন্দ্র। তার আগে ২০২২ সালে প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ বেড়ে হয়েছিল ৫.৪৫ টাকা এবং উচ্চ প্রাথমিকে হয়েছিল ৮.১৭ টাকা।