উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্রকে ছাড়পত্র দিতে অস্বীকার করায় কেন্দ্রীয় সেন্সর বোর্ডের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে গিয়েছে প্রযোজনা সংস্থা ও নির্মাতারা।

অজেয়: দ্য আনটোল্ড স্টোরি অফ আ যোগী ছবির নাম।
শেষ আপডেট: 31 July 2025 17:56
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্রকে ছাড়পত্র দিতে অস্বীকার করায় কেন্দ্রীয় সেন্সর বোর্ডের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে গিয়েছে প্রযোজনা সংস্থা ও নির্মাতারা। ১ অগস্ট, শুক্রবার, বম্বে হাইকোর্টের বিচারপতি রেবতী মোহিতে ডেরে ও নীলা গোখলের বেঞ্চে সেই আবেদনের শুনানি রয়েছে। যোগী আদিত্যনাথের জীবনের উপর নির্ভর করে নির্মিত ‘অজেয়: দ্য আনটোল্ড স্টোরি অফ আ যোগী’ এই ছবির নাম।
বিতর্কের সূত্রপাত এই ছবি সেন্সরের ছাড়পত্রের জন্য দেওয়া হলে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এই ছবির মুক্তি আটকে দেওয়ায়। তারপরেই সম্রাট সিনেম্যাটিক্স নামে ছবির নির্মাতা গোষ্ঠী হাইকোর্টে অভিযোগে জানায়, ছবি না দেখে, গান না শুনে, ট্রেলার না দেখেই ছাড়পত্র দিতে অস্বীকার করেছে। এবং মুক্তির অনুমোদন আটকে দিয়েছে। আবেদনের ভিত্তিতে আদালত সেন্সর বোর্ডের জানতে চেয়েছে, ৮ বছর ধরে যোগী আদিত্যনাথের জীবনী উপন্যাস বলে প্রচলিত বই বাজারে বিক্রি হচ্ছে। তাহলে এই ছবি আটকে দেওয়ার কারণ কী?
সেন্সর বোর্ডকে আদালত আরও বলেছে, যদি এই উপন্যাস নিয়ে কারও কোনও আপত্তি না থাকে, তাহলে তার কাহিনি নিয়ে তৈরি চলচ্চিত্র কী করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করবে? সিবিএফসিকে একটি নোটিস জারি করে সেন্সর বোর্ডের জবাব তলব করেছিল বম্বে হাইকোর্ট।
অজেয় সিনেমাটি নির্মিত হয়েছে একটি উপন্যাস দ্য মঙ্ক হু বিকেম চিফ মিনিস্টার-এর কাহিনি থেকে। যোগী আদিত্যনাথের ভূমিকায় অভিনয় করেছেন অনন্ত জোশি। গত জুন মাসে এই ছবির সামান্য টুকরো এবং একটি পোস্টার রিলিজ করা হয়। সোশ্যাল মিডিয়ায় জানিয়েও দেওয়া হয় যে, ১ অগস্ট থেকে সিনেমা ঘরে মুক্তি পাবে ছবিটি।