বোর্ডের আশা, এই উদ্যোগ পরীক্ষার চাপ কমাবে, মুখস্থ নির্ভর পড়াশোনা থেকে সরিয়ে বাস্তব প্রয়োগভিত্তিক ও ধারণাগত বোঝাপড়া বাড়াবে।

শিক্ষার মান নিয়ে আশাবাদী বোর্ড। ছবি - প্রতীকী
শেষ আপডেট: 10 August 2025 16:52
দ্য ওয়াল ব্যুরো: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণির পাঠ্যক্রমে ওপেন-বুক অ্যাসেসমেন্ট (Open-Book Assessment) অন্তর্ভুক্ত করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। সম্প্রতি এক পাইলট স্টাডিতে শিক্ষকদের সমর্থন পাওয়ার পরই বোর্ডের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা, গভর্নিং বডি, জুন মাসে হওয়া বৈঠকে এই সিদ্ধান্ত নেয়।
আলোচনাসভার প্রস্তাব অনুযায়ী, প্রতি টার্মে তিনটি খাতায়-কলমে হওয়া পরীক্ষার অংশ হিসেবে ভাষা, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান - এই মূল বিষয়গুলিতে ওপেন-বুক (বই দেখে লিখতে পারবে পড়ুয়ারা) পরীক্ষা নেওয়া হবে। এই পদক্ষেপ জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০-র ভিত্তিতে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন (NCFSE) ২০২৩-এর সঙ্গে সামঞ্জস্য রেখেই নেওয়া হয়েছে।
কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? এতে পড়ুয়াদের ক্ষতি হবে না?
NCFSE বলছে, ওপেন-বুক পরীক্ষা এমন একটি পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা উত্তর লেখার সময় টেক্সট বই, ক্লাস নোট বা লাইব্রেরি থেকে নেওয়া বইয়ের মতো রেফারেন্স ব্যবহার করতে পারে। এর উদ্দেশ্য হল - কেবল মুখস্থ নয়, বরং তথ্য সঠিক জায়গায় ব্যবহার করতে পারা, বিভিন্ন প্রেক্ষাপটে উত্তরের প্রয়োগ এবং বিশ্লেষণী দক্ষতা যাচাই করা।
পাইলট স্টাডির ফলাফল ও চ্যালেঞ্জ
২০২৩ সালের ডিসেম্বর মাসে CBSE নবম থেকে দ্বাদশ শ্রেণিতে ওপেন-বুক পরীক্ষার পাইলট প্রকল্প শুরু করেছিল, যার ফল ফেব্রুয়ারি ২০২৪-এ প্রকাশিত হয়। প্রতিবেদনে দেখা গেছে, শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর ছিল ১২% থেকে ৪৭% - যা বলছে যে রেফারেন্স ব্যবহার ও বিষয়গুলি নিয়ে ধারণা থেকেই বোঝা যাচ্ছে এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে।
তবে শিক্ষকরা পরীক্ষাটির প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তাঁদের মতে, এটি সমালোচনামূলক চিন্তাভাবনা ও বাস্তব প্রয়োগের দক্ষতা বাড়াতে সহায়ক হতে পারে। সেই সঙ্গে শিক্ষার্থীদের রেফারেন্স তথ্য ব্যবহারে সঠিক উপায়ে দিকনির্দেশনার প্রয়োজনীয়তাও উঠে এসেছে।
CBSE এখন মানসম্মত নমুনা প্রশ্নপত্র তৈরি করবে যাতে প্রশ্নের গুণগত মান বজায় থাকে এবং সমালোচনামূলক চিন্তাকে উৎসাহিত করা যায়। যদিও এটি স্কুলগুলির জন্য বাধ্যতামূলক হবে না, বোর্ড একটি কাঠামো তৈরি করবে যাতে ইচ্ছুক স্কুলগুলি তা প্রয়োগ করতে পারে।
ওপেন-বুক পরীক্ষা CBSE-র কাছে একেবারে নতুন নয়। ২০১৪ সালে বোর্ড ‘ওপেন টেক্সট বেসড অ্যাসেসমেন্ট’ (OTBA) চালু করেছিল নবম ও একাদশ শ্রেণির কিছু বিষয়ের জন্য। শিক্ষার্থীদের চার মাস আগে রেফারেন্স উপকরণ দেওয়া হতো। তবে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এই পদ্ধতি বন্ধ হয়ে যায়, কারণ তা শিক্ষার্থীদের ‘সমালোচনামূলক দক্ষতা’ গড়ে তুলতে যথেষ্ট কার্যকর প্রমাণিত হয়নি।
বোর্ডের আশা, এবারের উদ্যোগ পরীক্ষার চাপ কমাবে, মুখস্থ নির্ভর পড়াশোনা থেকে সরিয়ে এনে বাস্তব প্রয়োগভিত্তিক ও ধারণাগত বোঝাপড়ার দিকে নিয়ে যাবে।