অভিযুক্তদের বিরুদ্ধে বেসরকারি মেডিক্যাল কলেজগুলিকে বেআইনিভাবে গোপন পরিদর্শন সংক্রান্ত নথিপত্র পাচারে সাহায্য করার অভিযোগ উঠেছে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 4 July 2025 23:04
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Health Ministry), জাতীয় চিকিৎসা কমিশন (NMC), এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) প্রাক্তন প্রধানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে এফআইআর দায়ের করল সিবিআই (CBI)। অভিযুক্তদের বিরুদ্ধে বেসরকারি মেডিক্যাল কলেজগুলিকে বেআইনিভাবে গোপন পরিদর্শন সংক্রান্ত নথিপত্র পাচারে সাহায্য করার অভিযোগ উঠেছে।
সূত্রের খবর, নির্দিষ্ট কিছু বেসরকারি মেডিক্যাল কলেজকে পরিদর্শনের দিনক্ষণ, মূল্যায়নকারীদের নাম ও গোপনীয় পর্যবেক্ষণ রিপোর্ট আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছিল। যার ফলে সেই কলেজগুলি আগেভাগে ‘মেকি পরিকাঠামো’ সাজিয়ে পরিদর্শন ‘সফল’ করে তোলে। অভিযোগ, এই পুরো প্রক্রিয়ায় চলেছে ঘুষের আদানপ্রদান। তদন্তকারীরা মনে করছেন, এতে শুধুই আর্থিক নয়, শিক্ষাগত দিক থেকেও দেশের ভবিষ্যতের সঙ্গে প্রতারণা হয়েছে।ট
সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য— ইউজিসির প্রাক্তন চেয়ারম্যান ডি পি সিংহের নাম রয়েছে এফআইআরে! সিবিআইয়ের দাবি, পরিদর্শন সংক্রান্ত রিপোর্টের ফাইল ছবি তুলে সরাসরি কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। সেই নথিতে ছিল মন্ত্রকের অভ্যন্তরীণ পর্যবেক্ষণ ও গুরুত্বপূর্ণ মন্তব্য। যা সম্পূর্ণ বেআইনি।
জানা গিয়েছে,এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রক ও এনএমসির একাধিক আধিকারিক এবং বেশ কিছু বেসরকারি মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের জেরা করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যেই একাধিক ডিজিটাল ডিভাইস, নথিপত্র এবং ইমেল খতিয়ে দেখা শুরু করেছে সিবিআই।
এক তদন্তকারী অফিসারের কথায়, “পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের পর এবার মেডিক্যাল কলেজ লাইসেন্স সংক্রান্ত দুর্নীতি সামনে এল। এর ফলে দেশের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থা মারাত্মকভাবে নষ্ট হচ্ছে।”
এই ঘটনায় এখনও পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বা ইউজিসি-র তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে সিবিআই সূত্রে ইঙ্গিত, আরও বড় মাথাদের জড়িয়ে পড়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তদন্তকারী সংস্থা।