বেশ কিছু দিন ধরে স্ত্রীকে সন্দেহ করছিলেন ওই ব্যক্তি। স্ত্রীর ফোনে ‘রোম্যান্টিক চ্যাট’ ও অডিও রেকর্ডিং খুঁজে পান।

ছবিটি এআই দিয়ে তৈরি
শেষ আপডেট: 26 July 2025 15:35
দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ধরে ফেললেন ব্যক্তি। বৃন্দাবনে তুলকালাম। গোটা ঘটনা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বেশ কিছু দিন ধরে স্ত্রীকে সন্দেহ করছিলেন ওই ব্যক্তি। স্ত্রীর ফোনে ‘রোম্যান্টিক চ্যাট’ ও অডিও রেকর্ডিং খুঁজে পান। এরপর থেকেই স্ত্রীর গতিবিধির উপর নজর রাখছিলেন। সোমবার রাতে খবর পান তাঁর স্ত্রী এক ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছেন বৃন্দাবনের একটি গেস্ট হাউসে।
সঙ্গে সঙ্গে কয়েক জন বন্ধুকে নিয়ে সেখানে হাজির হন তিনি। স্ত্রী ও তাঁর ‘প্রেমিক’-কে শ্রীকৃষ্ণর বৃন্দাবনে ধরে ফেলেন তিনি। ঘটনাস্থলেই শুরু হয় তুমুল ঝগড়া। কাণ্ড দেখে এলাকায় ভিড় জমে যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, স্ত্রীর সঙ্গে উচ্চস্বরে ঝগড়ায় জড়িয়ে পড়েছেন ওই ব্যক্তি। কান্নাভেজা গলায় চিৎকার করে বলছেন, 'কলোনির লোক বলবে, কার সঙ্গে এসেছিল এখানে!'
ভিডিওতে আরও দেখা গিয়েছে, স্ত্রীকে সবার সামনে চড় মারছেন ব্যক্তি। পাল্টা স্ত্রীও মারধর শুরু করেন। এক সময়ে স্বামীকে বলতে শোনা যায়, 'তুই আমার জীবন শেষ করে দিয়েছিস। পাঁচ বছর ধরে নরক করে দিয়েছিস। আমি মরতেও রাজি। যা করেছিস, ঠিক করিসনি।'
ভিডিওতে ওই মহিলার প্রেমিককে ছেঁড়া জামা পরে ভীত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। উপস্থিত জনতার কেউ কেউ তাঁর গায়ে হাত তুলেছে বলে অভিযোগ। ঝগড়া বাড়তে থাকায় ঘটনাস্থলে পৌঁছয় ছাতিকারা থানার পুলিশ। তিনজনকেই থানায় নিয়ে যাওয়া হয়। তবে এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি বলে পুলিশ সূত্রে খবর। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জানা গিয়েছে, ওই দম্পতির বিয়ে হয়েছিল পাঁচ বছর আগে। তাঁদের দুটো বাচ্চা রয়েছে। স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, স্ত্রী গৃহবধূ।
ঘটনার ভিডিও নিয়ে এক নেটিজেন লিখেছেন, 'এইসব দেখে তো বিয়ে করতে মনই চায় না!' আরেকজন লেখেন, 'কোথায় যাচ্ছে সমাজটা।' অন্য একজনকে আবার বলতে শোনা যায়, 'বাচ্চারা কী শিখবে, মা যদি এমন করেন।'