
শেষ আপডেট: 25 January 2024 15:34
দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে বড় রকমের বদল ঘটে গেল। বৃহস্পতিবার থেকেই বিরাট সুবিধা পেতে চলেছেন স্বাস্থ্যবিমাকারীরা। জানা গেছে, এবার থেকে যে কোনও হাসপাতালে ক্যাশলেশ চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে।
এতদিন ধরে নিয়ম ছিল, বিমা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হাসপাতালগুলিতেই পরিষেবা পাবেন বিমাকারীরা। কিন্তু এখন থেকে হাসপাতাল যদি বিমা সংস্থার তালিকাভুক্ত না হয়, সেখানে গেলেও এই পরিষেবা পাওয়া যাবে। এক কথায়, বিমাকারীরা যে কোনও হাসপাতালে গেলেই পেয়ে যাবেন ক্যাশলেশ পরিষেবা। জেনারেল ইন্সুরেন্স কাউন্সিলের তরফে এমনটাই জানানো হয়েছে। জানা গেছে, হাসপাতালে ভর্তি হওয়ার ৪৮ ঘন্টা আগে বিমা সংস্থাকে জানিয়ে দিতে হবে। ইমার্জেন্সির ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে বিমা সংস্থাকে জানাতে হবে।
এই ক্যাশলেশ পরিষেবায় নিখরচায় হাসপাতালে ভর্তি হওয়া যায় এবং চিকিৎসার জন্য আগে থেকে কোনও টাকা দিতে হয় না। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বিমা সংস্থা সেই বিল মিটিয়ে দেয়। এতদিন বিমা সংস্থার সঙ্গে যুক্ত নয় এমন হাসপাতালে চিকিৎসা করানো হলে রোগীকে হাসপাতালেই বিল মিটিয়ে দিতে হত।
যদিও বিমা করানোর পর সঙ্গে সঙ্গে এই সুবিধা পাওয়া যায় না। কমপক্ষে ৩০ দিন অপেক্ষা করতে হয়। আবার বিমা সংস্থার দেওয়া কোনও শর্ত পূরণ না হলে বা তথ্যে কোনও ভুল থাকলে বিমা বাতিলও হতে পারে।