
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি।
শেষ আপডেট: 14 October 2024 15:50
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের কানপুরে সোমবার সকালে পথ দুর্ঘটনায় বেসরকারি কলেজের চার পড়ুয়ার মৃত্যু হয়েছে। মারা গিয়েছেন গাড়ির চালকও। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহরের অদূরে হাইওয়ের উপর দুটি দ্রুতগতির ট্রাকের মাঝে চিঁড়েচ্যাপ্টা হয়ে যায় কলেজগামী ছাত্রছাত্রীদের ছোট গাড়িটি। ঘটনাটি ঘটেছে রুমা-ভাউন্তি উড়ালপুলের উপর।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ছাত্রছাত্রীরা কলেজের দিকে যাচ্ছিলেন। সেই সময় দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি গ্যাস কাটার দিয়ে কেটে প্রত্যেকের দেহ উদ্ধার করতে হয়েছে।
পুলিশ জানিয়েছেন, মৃতরা হলেন কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের ছাত্রী আয়ূষী প্যাটেল, কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী গরিমা ত্রিপাঠী, কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র সতীশ কুমার এবং ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র প্রতীক সিং। চালকের নাম বিজয় সাহু।
প্রাণবীর সিং ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের দিকে যাওয়া একটি অপরিচিত গাড়িতে উঠেছিলেন এই চার পড়ুয়া। সংবাদ সংস্থা জানিয়েছে, পাঙ্কির কাছাকাছি আসার আগেই তাঁদের গাড়ির আগে চলা একটি ডাম্পার আচমকা ব্রেক কষে। অতর্কিতে এই ঘটনা ঘটে যাওয়ায় পিছনে থাকা ছোট গাড়িটি থামতে না পেরে তার পিছনে ধাক্কা মারে। তখন পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক পড়ুয়াদের গাড়িটিকে পিছন থেকে ধাক্কা মারে। ফলে ছোট গাড়িটি দুটি বড় বিশাল গাড়ির মাঝে একেবারে চেপ্টে যায়।
দুর্ঘটনার পর দুটি ট্রাকের চালকই পালিয়ে যায়। ট্রাক দুটি আটক করেছে পুলিশ। পাঁচজনের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।