
যাত্রীদের প্রাণ বাঁচিয়ে এই বাসেই মৃত্যু হয় চালকের
শেষ আপডেট: 6 October 2024 18:00
দ্য ওয়াল ব্যুরো: বাস চালকের ভুলে যাত্রী মৃত্যুর ঘটনা নতুন কিছু নয়। হামেশাই এমন খবর সংবাদ শিরোনামে উঠে আসে। এবার যাত্রীদের প্রাণ বাঁচিয়ে মৃত্যু হল এক চালকের। বিহারের মুজফফরপুরের ঘটনা। সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়েও বাস চালক নিজের কর্তব্য ভোলেননি। ৩০ জন যাত্রীকে নিরাপদ জায়গায় পৌঁছে বাস চালকের মৃত্যু হয় বলে খবর।
শনিবার এমন ঘটনা সামনে আসতেই বাস চালকের প্রশংসা করেছেন নেটিজেনরা। অনেকের মতে, নিশ্চিত মৃত্যু জেনেও চালক যেভাবে যাত্রীদের প্রাণ বাঁচিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। পাশাপাশি চালকের মর্মান্তিক পরিণতিতেও দুঃখপ্রকাশ করেছেন অনেকেই।
ঠিক কী ঘটেছিল?
সূত্রের খবর, বাসটি ৩০ জন যাত্রী নিয়ে বিহারের কিষাণগঞ্জ থেকে পাটনার দিকে যাচ্ছিল। মুজফ্ফরপুরের বালিয়ায় এক উড়ালপুলে ওঠার সময় আচমকাই বুকে প্রবল ব্যথা অনুভব করেন ৬০ বছর বয়সি চালক। স্বাভাবিকভাবেই বাসটি নিয়ন্ত্রণ হারালে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এরপর কোনওমতে গাড়িটিকে রাস্তার ধারে নিরাপদ জায়গায় আনার পরই মৃত্যু হয় তাঁর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বাস চালকের নাম মুন্না নেপালি। পাটনা জেলার মিঠাপুর থানা এলাকার বাসিন্দা তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে ডিভাইডারে ধাক্কা মেরে বড় সড় দুর্ঘটনা ঘটতে পারত। শেষ মুহূর্তেও চালকের তৎপরতায় দুর্ঘটনা এড়ানো সক্ষম হয়। এরপর বাস যাত্রী ও স্থানীয়রা মিলে চালকের মৃতদেহ উদ্ধার করে বলে খবর। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মুন্নাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, পূর্ব দিল্লিতে রামলীলা মঞ্চস্থ করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এক শিল্পীর মৃত্যু হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর মৃত অভিনেতার নাম সুশীল কৌশিক। শনিবার দিল্লির শাহদরা এলাকায় রামের ভূমিকায় অভিনয় করার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন। এরপর মঞ্চে ৪৫ বছরের অভিনেতাকে বুকে হাত দিয়ে বসে পড়তেও দেখা যায়।
কিছুক্ষণের মধ্যে মনের জোরে ফের অভিনয় করতে শুরু করেন সুশীল। তারপর মঞ্চের উপর মুখ থুবরে পড়েন অভিনেতা। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও লাভের লাভ হয়নি। চিকিৎসকরা সুশীলকে মৃত বলে ঘোষণা করেন।