
অভিযুক্ত বাস ড্রাইভার
শেষ আপডেট: 15 December 2024 13:11
দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগে মুম্বইয়ের সরকারি বাসের ভয়াবহ দুর্ঘটনার ভিডিও দেখে সকলে শিউরে উঠেছিলেন। কুরলা স্টেশনের কাছে একের পর এক গাড়ি ও পথচারীকে ধাক্কা মারে বিইএসটি-এর ৩৩২ নম্বর রুটের ওই বাস। দুর্ঘটনায় ৭ জন মারা যান। গুরুতর আহত হন ৫০ জন।
চালকের দাবি ছিল বাসের ব্রেক কাজ না করায় তিনি নিয়ন্ত্রণ হারান। কিন্তু প্রাথমিক তদন্তে দেখা যায় বাসের ব্রেক ঠিকই ছিল। প্রত্যক্ষদর্শীদের একাংশ দাবি করেন, চালক মদ্যপ অবস্থায় ছিলেন আর তার জেরেই নিয়ন্ত্রণ হারান।
ঘটনার পর পরই ডিউটিরত অবস্থায় বিইএসটি-র বাস চালকদের মদ্যপান করার বা মদ কেনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ৯ ডিসেম্বরের ভয়াবহ দুর্ঘটনার পরেই এই ভিডিওগুলি সামনে আসতে থাকে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল)।
যেখানে দেখা যায়, একজন চালক বাসের স্টিয়ারিংয়ে বসে মদ্যপান করছেন এবং এক সিকিউরিটি কর্মকর্তা তাঁর কাছে প্রশ্ন করছেন। এই ভিডিওটি মুলুন্ড ডিপোয় তোলা হয়েছে।
কিন্তু তদন্তে জানা গেছে যে, ওই বাস দুর্ঘটনা চালকের মদ খেয়ে থাকার কারণে হয়নি। বিস্তর অভিযোগের পর চালকের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। যার রিপোর্টে অ্যালকোহলের উপস্থিতি 'নেগেটিভ' এসেছে।পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
৯ ডিসেম্বর অর্থাৎ সোমবার রাতে বিইএসটি-র ঘাতক বাসটি কুরলা স্টেশন থেকে আন্ধেরি ওয়েস্টের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু মাত্র ১০০ মিটার যাওয়ার পর বাসটি একের পর এক গাড়ি ও পথচারীকে ধাক্কা মারতে থাকে। রাস্তায় বিপরীত দিক থেকে আসা দুটি বাইক, দুটি অটোরিকশা এবং আরও কিছু যানবাহনে সোজা গিয়ে ধাক্কা মারে। একটি অটো এমনভাবে দুমড়ে-মুচড়ে যায় যে দেখে বোঝা যাচ্ছিল সেটি পুরো পিষে গিয়েছে।