
রাজ্যসভা
শেষ আপডেট: 6 December 2024 12:37
দ্য ওয়াল ব্যুরো: শোরগোল সংসদে। কী, না রাজ্যসভায় উদ্ধার হয়েছে টাকার বান্ডিল। কোথায়? কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভির সিটের নীচ থেকে। ব্যাস, যারপরনাই তুমুল হইচই পড়ে যায় কক্ষে। বিজেপি অবশ্য সুযোগের সদ্ব্যবহার করতে ভোলেনি। সঙ্গে সঙ্গে তদন্তের দাবি জানিয়ে সুর চড়িয়েছে তারা।
ঘটনাটা আজ, শুক্রবারের। রাজ্যসভায় অধিবেশন শুরুর পরই চেয়ারম্যান জগদীপ ধনখড় জানান, প্রতিদিনই অধিবেশন শেষের পর রুটিন অ্যান্টি সাবোটাজ চেক হয়, তখন ২২২ নম্বর সিটের নীচ থেকে নোটের বান্ডিল উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে সেই টাকা বাজেয়াপ্তও করা হয়। তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান।
এই ২২২ নম্বর সিটে বসেন অভিষেক মনু সিংভি। তাঁর দাবি, গতকাল তিনি ১২টা ৫৭ মিনিটে রাজ্যসভায় এসেছিলেন। ১টা নাগাদ সংসদের ক্যান্টিনে যান। সেখানে দুপুর দেড়টা পর্যন্ত ছিলেন।
সিংভির দাবি, তাঁর পকেটে একটি মাত্র ৫০০ টাকার নোট ছিল। কত টাকা উদ্ধার হয়েছে, সে বিষয়ে জানা না গেলেও, টাকা উদ্ধারের ঘটনায় আজ চূড়ান্ত শোরগোল পড়ে যায় রাজ্যসভায়।